সাদা বলের দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বুধবার (৫ আগস্ট) বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সফরে তারা বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দেশের উদীয়মান ক্রিকেটারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যেই সিরিজটির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের আন্তর্জাতিক আসরের প্রস্তুতির অংশ হিসেবেও এই সফরকে গুরুত্ব দিচ্ছে মালয়েশিয়া।
সফরসূচি অনুযায়ী, ৫ আগস্ট ঢাকায় পৌঁছাবে মালয়েশিয়া দল। অনুশীলন শেষে ৮ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ এইচপি দলের মুখোমুখি হবে তারা। একই ভেন্যুতে ১০ আগস্ট অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। দুটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।
এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে মাঠে নামবে মালয়েশিয়া। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।
মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি
৫ আগস্ট: বাংলাদেশে পৌঁছাবে মালয়েশিয়া দল
৮ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি — বাংলাদেশ এইচপি বনাম মালয়েশিয়া (শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর), দুপুর ২টা
১০ আগস্ট: দ্বিতীয় টি-টোয়েন্টি — বাংলাদেশ এইচপি বনাম মালয়েশিয়া (শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর), দুপুর ২টা
১২ আগস্ট: প্রথম ওয়ানডে — বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া (বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স), সকাল ৯:৩০
১৪ আগস্ট: দ্বিতীয় ওয়ানডে — বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া (বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স), সকাল ৯:৩০
১৬ আগস্ট: তৃতীয় ওয়ানডে — বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া (বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স), সকাল ৯:৩০