প্রথম স্কোয়াডেই ক্লপের চমক, বাদ উন্দাভ-সানে
জার্মান জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো স্কোয়াড ঘোষণা করেই চমক দেখিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। উয়েফা নেশন্স লিগের চার ম্যাচকে সামনে রেখে দুটি আলাদা স্কোয়াডে মোট ৪৪ ফুটবলারকে ডেকেছেন তিনি। তবে বড় এই তালিকায় জায়গা হয়নি বিশ্বকাপে জার্মানির সর্বোচ্চ গোলদাতা দেনিজ উন্দাভের। বাদ পড়েছেন গালাতাসারেইয়ের উইঙ্গার লেরয় সানেও।
ক্লপের ‘ডাবল স্কোয়াড’ পরিকল্পনায় নেদারল্যান্ডস, গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে ম্যাচগুলো ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য খেলোয়াড়দের বড় পরীক্ষায় পরিণত হতে পারে। নিয়মিত তারকা ফ্লোরিয়ান ভির্টজ ও কাই হাভার্টজকে সর্বোচ্চ দুটি ম্যাচে খেলানোর পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে নতুনদের নিজেদের প্রমাণের সুযোগ দেওয়ার পাশাপাশি নিয়মিত খেলোয়াড়দের ম্যাচের চাপও কমানো সম্ভব হবে।
জার্মানির দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লপ তার কাজের ধরন নিয়ে ভিন্ন বার্তা দিয়ে আসছেন। তিনি জানিয়েছিলেন, সমালোচনা মাত্রা ছাড়িয়ে গেলে কিংবা সংবাদমাধ্যমের হস্তক্ষেপ অসহনীয় পর্যায়ে পৌঁছালে পদত্যাগের বিষয়টিও বিবেচনা করতে পারেন। এবার প্রথম স্কোয়াড ঘোষণাতেই তার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে আলোচনা।
বৃহস্পতিবার ঘোষিত ৪৪ সদস্যের তালিকায় বেশ কয়েকজন রয়েছেন, যারা এখনো জার্মানির সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায়। তাদের মধ্যে এলভার্সবার্গের মিডফিল্ডার ফেলিক্স কেইডেল এবং আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ফরোয়ার্ড ইউনেস এবনুতালিব উল্লেখযোগ্য। শীর্ষ বিভাগের ক্লাব ফুটবলেও তাদের অভিজ্ঞতা এখনো সীমিত।
নেশন্স লিগের নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচের আগে মধ্যরাতের মধ্যে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হয়। তবে এক ম্যাচ শেষে পরবর্তী ম্যাচের জন্য সেই তালিকায় পরিবর্তন আনা যায়। এই সুযোগ কাজে লাগিয়েই ৪৪ ফুটবলারকে দুটি স্কোয়াডে ভাগ করে পরীক্ষা করতে চাইছেন ক্লপ।
বিশ্বকাপে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করে জার্মানির সর্বোচ্চ গোলদাতা হওয়া উন্দাভের বাদ পড়াই তালিকার সবচেয়ে বড় চমক। জাতীয় দলের হয়ে ৮০ ম্যাচ খেলা লেরয় সানেও এবার স্কোয়াডে নেই। ফলে আপাতত জার্মানির হয়ে তার আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা আর বাড়ছে না।
আগামী ২৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে জার্মানি। এরপর ২৭ সেপ্টেম্বর গ্রিস ও ১ অক্টোবর সার্বিয়ার মুখোমুখি হবে তারা। ৪ অক্টোবর আবারও গ্রিসের বিপক্ষে মাঠে নামবে ক্লপের দল।
-স্বাধীন/এস
প্রথম স্কোয়াডেই ক্লপের চমক, বাদ উন্দাভ-সানে

