এশিয়ান গেমসে ৪০ বছর পর ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

প্রকাশঃ Sep 22, 2026 - 19:43
এশিয়ান গেমসে ৪০ বছর পর ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

জাপানকে হারাতে পারলেই কাবাডিতে বাংলাদেশের পদক নিশ্চিত হতো। তাই বিকেলে নাগোয়ার টোকাই ডরি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশি কর্মকর্তা ও সাংবাদিকদের ভিড় ছিল। তবে জাপানের কাছে হেরে কাবাডি দলের পদক যখন অনিশ্চিত হয়ে পড়ে, তখনই আসে সুখবর—উশুতে পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। এশিয়ান গেমসে ৪০ বছর পর লাল-সবুজের কোনো অ্যাথলেট ব্যক্তিগত ইভেন্টে পদক জিততে যাচ্ছেন।

নারী ৫২ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের উশু খেলোয়াড় জিন্নাত আক্তার সেমিফাইনালে উঠেছেন। টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও কাবাডির মতো উশুতেও সেমিফাইনালে ওঠা খেলোয়াড়দের জন্য ব্রোঞ্জ পদক নিশ্চিত থাকে।

বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু জানান, কোয়ার্টার ফাইনালে জিন্নাতের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা থারিসা নির্ধারিত ওজনের চেয়ে বেশি হওয়ায় ডিসকোয়ালিফাইড হয়েছেন। ফলে জিন্নাত সরাসরি সেমিফাইনালে উঠেছেন এবং তার ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে।

২০২৫ সালের ইসলামিক সলিডারিটি গেমসেও উশুতে বাংলাদেশের পদক পাওয়ার খবর ছড়িয়েছিল। পরে জানা যায়, প্রতিযোগীর সংখ্যা কম থাকায় ব্রোঞ্জের জন্য আলাদা ম্যাচ খেলতে হবে। এ কারণে এবারও পদক নিশ্চিত হওয়া নিয়ে কিছুটা সংশয় ছিল।

তবে দিলদার হাসান দিলু বলেন, ছয়জনের কম প্রতিযোগী থাকলে ব্রোঞ্জের জন্য আলাদা ম্যাচ হয়। এই ইভেন্টে প্রতিযোগী রয়েছেন ১৫ জন। তাই সেমিফাইনালে পরাজিত দুই খেলোয়াড়ই ব্রোঞ্জ পাবেন।

এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদও জিন্নাতের পদক নিশ্চিত হওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন। এশিয়ান গেমসে সেমিফাইনালে ওঠা খেলোয়াড়রা পদক পান। জিন্নাতের সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় তার পদকও নিশ্চিত।

নারী ৫২ কেজি ইভেন্টে মোট ১৫ জন খেলোয়াড় নকআউট পদ্ধতিতে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলেন। বাংলাদেশের একমাত্র প্রতিযোগী জিন্নাত এই রাউন্ডে বাই পান। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা, যিনি প্রি-কোয়ার্টারে ফিলিপাইনের কিলাপোকে হারিয়েছিলেন। ২০ সেপ্টেম্বর ফ্লোরেন্তিনা খেলায় অংশ নিলেও পরে অযোগ্য ঘোষিত হন। ফলে কোনো ম্যাচ না খেলেই এশিয়ান গেমসের পদক নিশ্চিত হয়েছে জিন্নাতের।

১৯৭৮ সাল থেকে বাংলাদেশ এশিয়ান গেমসে অংশ নিচ্ছে। ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ব্যক্তিগত ইভেন্টে সেটিই ছিল বাংলাদেশের এখন পর্যন্ত একমাত্র পদক। এরপর কাবাডি ও ক্রিকেটে বাংলাদেশ পদক পেলেও সেগুলো ছিল দলীয় ইভেন্টে।

দীর্ঘ ৪০ বছর পর আবারও এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক নিশ্চিত হলো বাংলাদেশের। তবে এবার কোনো ম্যাচে না খেলেই পদক পেতে যাচ্ছেন জিন্নাত আক্তার।


-স্বাধীন/এমএ

এশিয়ান গেমসে ৪০ বছর পর ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
লোগো
Sep 22, 2026

এশিয়ান গেমসে ৪০ বছর পর ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta