দেম্বেলে-রাফিনিয়ার প্রসঙ্গে এমবাপ্পের কৌশলী জবাব

প্রকাশঃ Sep 8, 2026 - 12:07
দেম্বেলে-রাফিনিয়ার প্রসঙ্গে এমবাপ্পের কৌশলী জবাব

কোনো কথা বলেও আসলে কিছু না বলার শিল্প যদি থাকে, তাহলে কিলিয়ান এমবাপ্পের নাম সেখানে থাকতেই পারে। সোমবার রিয়াল মাদ্রিদের এই তারকাকে প্রশ্ন করা হয়েছিল, পিএসজির উসমান দেম্বেলে কিংবা বার্সেলোনার রাফিনিয়ার মতো তাঁকেও কি আরও বেশি ‘ইনটেন্স’ হতে হবে?

এমবাপ্পের উত্তর ছিল বেশ কৌশলী। তাঁর ভাষায়, ‘বোকার মতো’ উত্তর দিলে তিনি বলতেন, দেম্বেলে ও রাফিনিয়ার চেয়ে তিনি বেশি গোল করেন। আর ‘বুদ্ধিমানের মতো’ উত্তর দিলে স্বীকার করতে হবে, তাঁরও উন্নতির জায়গা আছে।

আধুনিক ফুটবলের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে বিবেচিত এমবাপ্পের কথায় তাই উঠে এসেছে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতনতার বিষয়টিও। ডিফেন্ডারদের পেছনে ছুটে গিয়ে গতির ঝলকে আক্রমণ তৈরি করাই তাঁর বড় শক্তি। তবে দলের প্রেসিং ও ম্যান-টু-ম্যান মার্কিংয়ের ক্ষেত্রে এই ধরন কখনো কখনো সমস্যা তৈরি করে।

রিয়াল মাদ্রিদে এমবাপ্পের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের খেলাতেও রয়েছে কিছুটা মিল। ফলে আক্রমণে দুজনের উপস্থিতি ভয়ংকর হলেও দলগত রক্ষণে ভারসাম্য ধরে রাখা মাদ্রিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এমবাপ্পে অবশ্য বিষয়টি এড়িয়ে যাননি। তিনি বলেন, ‘আমাদের উন্নতি করতে হবে। আমি চাইলে বোকার মতো বলতে পারতাম যে আমি দেম্বেলে আর রাফিনিয়ার চেয়ে বেশি গোল করি, আর ওদের আমার মতো হতে হলে আরও গোল করতে হবে। কিন্তু আমি বুদ্ধিমান, তাই বলছি যে আমার উন্নতি দরকার।’

নিজেকে অন্য খেলোয়াড়দের সঙ্গে তুলনা করতেও আগ্রহী নন এমবাপ্পে। তিনি বলেন, ‘আমি নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করতে পছন্দ করি না, কারণ আমি এমন অনেক কিছু করি যা অন্যরা করে না। এটা শেষ না হওয়া এক বিতর্ক। তবে হ্যাঁ, পুরো দলকেই রক্ষণে উন্নতি করতে হবে, আর বল পায়ে থাকা অবস্থায়ও আমাদের মান বাড়াতে হবে।’

গোলের পাশাপাশি শিরোপাও চান এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিও রক্ষণাত্মক ফুটবলের জন্য বেশি পরিচিত। সম্প্রতি তিনি মন্তব্য করেছিলেন, এমবাপ্পে কম গোল করলেও যদি দলকে শিরোপা জেতাতে আরও বেশি পরিশ্রম করেন, তাতেই তিনি খুশি হবেন।

তবে গোলের সংখ্যা কমিয়ে দলকে শিরোপা জেতানোর এই সমীকরণে বিশ্বাসী নন এমবাপ্পে। তাঁর মতে, ব্যক্তিগত সাফল্য ও দলীয় সাফল্য—দুটিই একসঙ্গে অর্জন করা সম্ভব।

এমবাপ্পে বলেন, ‘শিরোপাসহ ৩০ গোল পেলে অবশ্যই আমি খুশি হব। তবে আমার কাছে এই বিতর্কটাই অযৌক্তিক মনে হয়। আমি সবসময় গোল করতে চাই আর শিরোপাও জিততে চাই। এখানে একটা বেছে নিতে হবে না, দুটোই একসঙ্গে করা যায়।’
এখন তাঁর সামনে বড় পরীক্ষা চ্যাম্পিয়নস লিগে। বুধবার ভারতীয় সময় মধ্যরাতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।


-স্বাধীন দিগাস্ত/ এস

দেম্বেলে-রাফিনিয়ার প্রসঙ্গে এমবাপ্পের কৌশলী জবাব
লোগো
Sep 8, 2026

দেম্বেলে-রাফিনিয়ার প্রসঙ্গে এমবাপ্পের কৌশলী জবাব

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta