১৫ বছরেই কোটি রুপির বিজ্ঞাপন বাজারে বৈভব, সামনে বড় চ্যালেঞ্জ
ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে মাত্র ১৫ বছর বয়সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাঠের সাফল্যের পাশাপাশি তার জনপ্রিয়তা এখন ছড়িয়ে পড়েছে বাণিজ্যিক অঙ্গনেও। বিজ্ঞাপন ও ব্র্যান্ডের বাজারে কিশোর এই ক্রিকেটারের চাহিদা দ্রুত বাড়ছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়া বা এক দিনের শুটিংয়ের জন্য বৈভবকে প্রায় ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হচ্ছে। জনপ্রিয়তা আরও বাড়লে এই অঙ্ক ৩ থেকে ৪ কোটি রুপি পর্যন্ত যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অল্প বয়সেই এমন আর্থিক সাফল্য অবশ্য নতুন কিছু চ্যালেঞ্জও সামনে এনেছে। পড়াশোনা, অনুশীলন ও ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি বিজ্ঞাপন, প্রচার এবং বিপুল অর্থের বিষয়গুলো সামলাতে হচ্ছে বৈভবকে। ফলে এতসব ব্যস্ততার মধ্যেও ক্রিকেটে প্রয়োজনীয় মনোযোগ ধরে রাখা নিয়ে প্রশ্ন উঠছে।
নাবালক হওয়ায় চুক্তিতে অভিভাবকের ভূমিকা
বৈভব এখনো ১৮ বছর পূর্ণ করেননি। ফলে বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে তার বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারতে নাবালক ক্রীড়াবিদদের বাণিজ্যিক স্বত্ব সুরক্ষায় যুক্তরাষ্ট্রের ‘নেম, ইমেজ অ্যান্ড লাইকেনেস’ বা এনআইএল কাঠামোর মতো নির্দিষ্ট ব্যবস্থা নেই।
এই কারণে বৈভব নিজে সরাসরি সব ধরনের বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করতে পারেন না। তার হয়ে এসব বিষয়ে অভিভাবকদের সম্মতি প্রয়োজন।
বর্তমানে তার পরিবার এবং রাজস্থান রয়্যালসের বাণিজ্যিক পরামর্শক দলের সদস্যরা আইনি ও বাণিজ্যিক বিষয়গুলো দেখভাল করছেন। তবে বৈভব ১৮ বছরে পৌঁছানোর পর বর্তমান চুক্তিগুলোর ভবিষ্যৎ কী হবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি কোনো চুক্তির শর্ত পরিবর্তন বা পুনরায় আলোচনার উদ্যোগ নিলে সেখান থেকে আইনি জটিলতার সুযোগ তৈরি হতে পারে।
ব্র্যান্ডের নজরে বৈভব
ইতোমধ্যে কমপ্লানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন বৈভব। আরও কয়েকটি পরিচিত প্রতিষ্ঠানের সঙ্গেও তার বাণিজ্যিক চুক্তি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সি আনুষ্ঠানিকভাবে তার প্রতিনিধিত্ব করছে না।
ক্রিকেটের পাশাপাশি বিজ্ঞাপন ও বাণিজ্যিক কর্মকাণ্ডে বৈভবের পরিচিতি যত বাড়ছে, ততই তার সামনে আসছে অর্থ ব্যবস্থাপনা, চুক্তি এবং পেশাগত সিদ্ধান্তের মতো বিষয়। বিশেষ করে কিশোর বয়সে এসব দায়িত্ব সামলানোর ক্ষেত্রে অভিজ্ঞ পরামর্শকের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ভবিষ্যতে রাজস্থান রয়্যালসের সঙ্গে তার সম্পর্কের পরিবর্তন কিংবা কোনো বাণিজ্যিক চুক্তি নিয়ে মতবিরোধ দেখা দিলে তার স্বার্থ কীভাবে সুরক্ষিত থাকবে, সেটিও এখন আলোচনার বিষয়। তাই ক্রিকেট মাঠে দ্রুত উত্থানের পাশাপাশি মাঠের বাইরের বাণিজ্যিক দিক সামলানোও বৈভবের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠছে।
-স্বাধীন/এস
১৫ বছরেই কোটি রুপির বিজ্ঞাপন বাজারে বৈভব, সামনে বড় চ্যালেঞ্জ

