জিম্বাবুয়ের হয়ে খেলার স্বপ্ন থেকে ১০০তম ওয়ানডে, আবেগঘন মার্শ

প্রকাশঃ Sep 15, 2026 - 12:28
জিম্বাবুয়ের হয়ে খেলার স্বপ্ন থেকে ১০০তম ওয়ানডে, আবেগঘন মার্শ

শৈশবের অনেকটা সময় কেটেছে জিম্বাবুয়েতে। সেই সময় দেশটির ক্রিকেট ও সংস্কৃতির সঙ্গে গড়ে উঠেছিল মিচেল মার্শের গভীর সম্পর্ক। এমনকি একসময় জিম্বাবুয়ের হয়েই আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখতেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক।

এবার সেই জিম্বাবুয়ের মাটিতেই ক্যারিয়ারের বিশেষ এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মার্শ। মঙ্গলবার হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচেই নিজের ১০০তম ওয়ানডে খেলতে নামবেন মার্শ।

শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে মার্শের মনে পড়েছে কারান পরিবারের কথা। ক্রিকেট ডট এইউ ‘এক্স’-এ প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, দুই পরিবার একসঙ্গে বিভিন্ন সফরে যেত। তার বাবা ও সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জিওফ মার্শের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কেভিন কারান। ফলে কারান পরিবারের সন্তানদের সঙ্গে ছোটবেলা থেকেই মার্শদের ঘনিষ্ঠতা ছিল।

জিওফ মার্শ ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। বাবার কাজের সুবাদে সে সময় পুরো পরিবার জিম্বাবুয়েতে বসবাস করত। হারারে স্পোর্টস ক্লাবে ঘণ্টার পর ঘণ্টা ক্রিকেট খেলতেন ছোট্ট মিচেল। তার সঙ্গী ছিলেন কেভিন কারানের ছেলেরা।

কারান পরিবারের তিন ভাই টম, স্যাম ও বেন পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের জায়গা করে নেন। টম ও স্যাম ইংল্যান্ডের হয়ে খেলেছেন, আর বেন খেলেছেন জিম্বাবুয়ের হয়ে। এবারের অস্ট্রেলিয়া সিরিজের জিম্বাবুয়ে দলেও রয়েছেন বেন কারান।

সেই দিনগুলোর কথা বলতে গিয়ে মার্শ বলেন, কারান ভাইয়েরা কার্যত তাদের সঙ্গেই বড় হয়েছেন। পরিবারের সঙ্গে সফরের বিভিন্ন স্মৃতি এবং কারানদের বাড়ির উঠানে ক্রিকেট খেলার ঘটনাগুলো এখনও তার কাছে বিশেষ হয়ে আছে। ছোটবেলার সেই ক্রিকেটযুদ্ধগুলোকে তিনি দারুণ স্মৃতি হিসেবে উল্লেখ করেছেন।

জিম্বাবুয়ের সঙ্গে মার্শের সম্পর্ক অবশ্য শুধু শৈশবের স্মৃতিতেই সীমাবদ্ধ নয়। দেশটির প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে, একসময় সত্যিই জিম্বাবুয়ের হয়ে খেলার স্বপ্ন দেখতেন তিনি।

মার্শের বড় ভাই শন তখন পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখছিলেন। অন্যদিকে মিচেলের শৈশবের ক্রিকেটজীবনের বড় একটি অংশ কাটছিল হারারে স্পোর্টস ক্লাবে। সেখানকার পরিবেশই তার ক্রিকেটের প্রতি ভালোবাসাকে আরও গভীর করে তুলেছিল।

এবার সেই স্মৃতিবিজড়িত হারারেতেই ফিরছেন মার্শ। তবে এবার আর ছোট্ট ক্রিকেটার হিসেবে নয়, অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে। তার সামনে রয়েছে নিজের ১০০তম ওয়ানডে ম্যাচের মাইলফলক। শৈশবের স্বপ্নের দেশের মাটিতে এমন একটি অর্জন তাই মার্শের জন্য নিঃসন্দেহে আরও বিশেষ হয়ে উঠছে।

-স্বাধীন/এস

জিম্বাবুয়ের হয়ে খেলার স্বপ্ন থেকে ১০০তম ওয়ানডে, আবেগঘন মার্শ
লোগো
Sep 15, 2026

জিম্বাবুয়ের হয়ে খেলার স্বপ্ন থেকে ১০০তম ওয়ানডে, আবেগঘন মার্শ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta