মেসির বিদায়ী ম্যাচে গ্যালারিতে থাকবেন ডি মারিয়া
আগামী ৬ অক্টোবর মঙ্গলবার বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানাবেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
মেসির বিদায়ী ম্যাচটি গ্যালারিতে বসে দেখতে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার সাবেক তারকা আনহেল ডি মারিয়া। ইতোমধ্যেই ম্যাচটিতে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্তিনোস জুনিয়র্সের বিপক্ষে রোজারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডি মারিয়া। সেখানে তিনি জানান, ৫ অক্টোবর বানফিল্ডের বিপক্ষে রেসিং ক্লাবের ম্যাচ খেলার পর বুয়েনস আইরেসেই থাকার পরিকল্পনা রয়েছে তার।
ডি মারিয়া বলেন, ‘আমাকে স্টেডিয়ামে যেতেই হবে, তাই না? আমাকে গিয়ে দেখতেই হবে। আমরা ৫ তারিখে বানফিল্ডের বিপক্ষে খেলব। তাই সম্ভবত সেখানেই থেকে যাব। এটা তো আমার পথেই পড়ে, আমি সেখানে থাকব।’
আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের গুরুত্ব নিয়েও কথা বলেন ডি মারিয়া। তার মতে, দীর্ঘ সময় পর আর্জেন্টিনা দলকে মেসিকে ছাড়া নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, ‘এত বছর পর লিওকে ছাড়া একটা দল! এটা কঠিন হবে, তাই না? বিশেষ করে আর্জেন্টিনাকে এবং পুরো বিশ্বকে সে যা কিছু দিয়েছে, তার পর। আমরা সেই শেষ দিনটা উপভোগ করব।’
আর্জেন্টিনার তিন ম্যাচের সিরিজে বেনিনের বিপক্ষের ম্যাচেই কেবল খেলবেন মেসি। তার দীর্ঘদিনের সতীর্থ রদ্রিগো দে পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোসহ আরও কয়েকজন খেলোয়াড় এই বিশেষ আয়োজনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যান্য সদস্যদেরও পরিবারসহ গ্যালারিতে বসে মেসির বিদায়ী ম্যাচ দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।
মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচকে ঘিরে তাই মনুমেন্তাল স্টেডিয়ামে তৈরি হতে যাচ্ছে আবেগঘন এক বিদায়ী আয়োজন।
-স্বাধীন/এস
মেসির বিদায়ী ম্যাচে গ্যালারিতে থাকবেন ডি মারিয়া

