১২ বছর পর ঘরের মাঠে ফিরেই শচীনের রেকর্ড ভাঙলেন টেলর

প্রকাশঃ Sep 15, 2026 - 16:20
১২ বছর পর ঘরের মাঠে ফিরেই শচীনের রেকর্ড ভাঙলেন টেলর

প্রায় ১২ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নেমেই ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর। মাঠে পা রাখার সঙ্গে সঙ্গেই ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন ৪০ বছর বয়সী এই ব্যাটার।

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। ১৯৮৯ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত ওয়ানডে খেলেছেন তিনি। সব মিলিয়ে তার ওয়ানডে ক্যারিয়ারের ব্যাপ্তি ছিল ২২ বছর ৯১ দিন।

অন্যদিকে ব্রেন্ডন টেলরের ওয়ানডে অভিষেক হয়েছিল ২০০৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর মঙ্গলবার হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে জায়গা পেয়ে মাঠে নামার মাধ্যমে তার ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য দাঁড়ায় ২২ বছর ১৪৭ দিনে।

এর ফলে টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডেতে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের নতুন রেকর্ড গড়েছেন টেলর। সিরিজের বাকি দুই ম্যাচেও খেললে এই রেকর্ডে তার ব্যবধান আরও বাড়বে।

তবে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ রানের রেকর্ড এখনও শচীন টেন্ডুলকারের দখলে। ভারতের এই কিংবদন্তি ৪৬৩টি ওয়ানডে খেলে করেছেন ১৮ হাজার ৪২৬ রান। ম্যাচ ও রান—দুই ক্ষেত্রেই এটি বিশ্ব রেকর্ড।

টেলরের ওয়ানডে ক্যারিয়ারও যথেষ্ট সমৃদ্ধ। এখন পর্যন্ত ২০৮টি ওয়ানডে খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ৬ হাজার ৭০৪ রান। এর মধ্যে রয়েছে ১১টি সেঞ্চুরি ও ৩৯টি ফিফটি।

দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরেই তাই ব্যক্তিগতভাবে স্মরণীয় একটি মাইলফলক স্পর্শ করলেন জিম্বাবুয়ের এই অভিজ্ঞ ক্রিকেটার। শচীনের দীর্ঘদিনের রেকর্ড পেছনে ফেলে ওয়ানডে ইতিহাসে নিজের নাম নতুন করে লিখেছেন ব্রেন্ডন টেলর।

-স্বাধীন/এস

১২ বছর পর ঘরের মাঠে ফিরেই শচীনের রেকর্ড ভাঙলেন টেলর
লোগো
Sep 15, 2026

১২ বছর পর ঘরের মাঠে ফিরেই শচীনের রেকর্ড ভাঙলেন টেলর

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta