এমবাপ্পের সঙ্গে লড়াইয়ে নিজেকেই এগিয়ে রাখলেন: ইয়ামাল

প্রকাশঃ Sep 19, 2026 - 16:49
এমবাপ্পের সঙ্গে লড়াইয়ে নিজেকেই এগিয়ে রাখলেন: ইয়ামাল

ব্যালন ডি’অর নিয়ে নিজের অবস্থান এবার বেশ স্পষ্টভাবেই জানালেন লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের আলোচনায় থাকা বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড নিজেকে কিলিয়ান এমবাপ্পের সমকক্ষ মনে করছেন। এমনকি দুজনের মুখোমুখি লড়াইয়ের প্রসঙ্গ টেনে ইয়ামালের দাবি, পারফরম্যান্সের প্রায় সব দিকেই তিনি এমবাপ্পেকে ছাড়িয়ে গেছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারের বরাতে এ তথ্য জানিয়েছে গোলডটকম। সেখানে ব্যালন ডি’অর প্রসঙ্গে ইয়ামাল বলেন, পুরস্কারটি বিশ্বের সেরা খেলোয়াড়কেই দেওয়া উচিত। তবে কে সেই সেরা খেলোয়াড়, তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তার মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকায় তিনি ও এমবাপ্পে দুজনই রয়েছেন।

ইয়ামালের ভাষায়, “এমবাপ্পে ও আমি বিশ্বের সেরা। যারা আমাদের ম্যাচ দেখে, তারা সবাই এটা জানে। আমাদের মুখোমুখি লড়াই হয়েছে এবং সেখানে আমি তাকে সবকিছুতেই হারিয়েছি। সে অনেক গোল করেছে, আর এ কারণেই সে পিচিচি পুরস্কার জিতেছে।”

বিশ্বকাপের পারফরম্যান্সকে ব্যালন ডি’অর নির্ধারণের প্রধান মানদণ্ড হিসেবে দেখার ধারণার সঙ্গেও একমত নন ইয়ামাল। তার মতে, একটি মাত্র টুর্নামেন্টে কোনো খেলোয়াড়ের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া উচিত নয়।

এমনকি বিশ্বকাপের ফলাফল ভিন্ন হলেও তার অবস্থান বদলাত না বলে জানিয়েছেন ইয়ামাল। তার দাবি, ইংল্যান্ড বিশ্বকাপ জিতলেও তিনি বলতেন, বর্তমান ফুটবলে এমবাপ্পে ও তিনিই সেরা। তবে কাকতালীয়ভাবে বিশ্বকাপ জিতেছে তার দলও।

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকায় পরিণত হওয়া ইয়ামাল মনে করেন, এত কম বয়সে এমন প্রতিভার দেখা সাম্প্রতিক সময়ে খুব বেশি পাওয়া যায়নি। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের উদাহরণ টেনে তিনি বুঝিয়েছেন, ক্যারিয়ারের শুরুতেই সাফল্য এলেও এখনই থেমে যাওয়ার সুযোগ নেই। ফুটবলের ইতিহাসে নিজের নাম আরও বড় করে তুলতে সামনে আরও অনেক কিছু অর্জন করতে চান তিনি।

সাক্ষাৎকারে লিওনেল মেসিরও প্রশংসা করেছেন ইয়ামাল। তার মতে, মেসিই সর্বকালের সেরা—এ নিয়ে কারও সংশয় থাকার কথা নয়। তবে বিশ্বকাপজুড়ে আর্জেন্টাইন তারকার পারফরম্যান্স যে এতটা উজ্জ্বল হবে, তা অনেকের প্রত্যাশার বাইরে ছিল বলেও মনে করেন তিনি।

ইয়ামালের চোখে, আর্জেন্টিনা দলে একাধিক প্রতিভাবান ফুটবলার থাকলেও মেসি সবাইকে ছাড়িয়ে গেছেন। বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের পেছনে মেসিই ছিলেন দলের সবচেয়ে উজ্জ্বল তারকা এবং পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়—এমনটাই মনে করেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। 


-স্বাধীন/এস

এমবাপ্পের সঙ্গে লড়াইয়ে নিজেকেই এগিয়ে রাখলেন: ইয়ামাল
লোগো
Sep 19, 2026

এমবাপ্পের সঙ্গে লড়াইয়ে নিজেকেই এগিয়ে রাখলেন: ইয়ামাল

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta