ঢাকায় ব্রাজিলের খেলার সম্ভাবনা, জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে প্রতিনিধি দল
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে তারা।
ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে কি না, সেটিই ছিল প্রতিনিধি দলের সফরের মূল উদ্দেশ্য।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, স্টেডিয়ামের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে ব্রাজিলের প্রতিনিধি দল।
ইকবাল বলেন, ‘তারা জানিয়েছে, অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে আমাদের মাঠ নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে। এমনকি বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারে। তবে এ বিষয়ে তারা পরে চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে।’
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। ওই ম্যাচের আগে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ারা ঢাকায় অনুশীলন করতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে ইকবাল জানান, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
ব্রাজিলের প্রতিনিধিরা ভারত থেকে আজ ঢাকায় এসেছেন এবং রাতেই ফিরে যাবেন। স্টেডিয়ামের বাকি কাজ দুই সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা তাদের জানানো হয়েছে। প্রয়োজন হলে কাজ শেষ হওয়ার পর প্রতিনিধি দলটি আবারও জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারে।
২০১১ সালে ঢাকায় খেলেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা দল। এবার ব্রাজিলের প্রতিনিধি দলের সফরের মধ্য দিয়ে ভবিষ্যতে তাদের জাতীয় দলেরও ঢাকায় খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
-স্বাধীন/ এমএ
ঢাকায় ব্রাজিলের খেলার সম্ভাবনা, জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে প্রতিনিধি দল

