এশিয়াডে পদক জিতলে আরচ্যারদের জন্য বোনাস ঘোষণা
নাগোয়ায় সকাল থেকেই টিপটিপ বৃষ্টি ও বাতাস। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই হয়েছে তীর-ধনুকের লড়াই। এশিয়ান গেমসে আরচ্যারির প্রথম দিনের র্যাঙ্কিং রাউন্ডে বাংলাদেশের তিন আরচ্যার রামকৃষ্ণ সাহা, নেওয়াজ আহমেদ রাকিব ও বন্যা আক্তার ক্যারিয়ার সেরা স্কোর করেছেন।
এমন দিনে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম আরচ্যারি পদকের অপেক্ষা ঘোচাতে আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন।
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন চপল এশিয়ান আরচ্যারি ফেডারেশনেরও সভাপতি। নাগোয়ায় এশিয়ান গেমসের আরচ্যারি কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানও করছেন তিনি।
বাংলাদেশের আরচ্যারদের উৎসাহ দিতে পুরস্কারের ঘোষণা দিয়ে কাজী রাজীব উদ্দিন চপল বলেন, ‘স্বর্ণপদকে ১০ লাখ, রৌপ্য ৫ লাখ ও ব্রোঞ্জে ৩ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ব্যক্তিগত কিংবা দলীয়—যে কোনো ইভেন্টে পদক জিতলে আরচ্যাররা আর্থিকভাবে পুরস্কৃত হবেন। কোচিং স্টাফরাও এর আওতায় থাকবেন।’
রামকৃষ্ণের ক্যারিয়ার সেরা স্কোর
ছেলেদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ২৯ বছর বয়সী রামকৃষ্ণ সাহা র্যাঙ্কিং রাউন্ডে ৬৭৮ স্কোর করেছেন। এর আগে তার ক্যারিয়ার সেরা স্কোর ছিল ৬৬৮।
টাইব্রেকিংয়ের মাধ্যমে আব্দুর রহমান আলিফ ৩৮তম এবং মো. রাকিব মিয়া পরের ধাপে জায়গা করে নেন। তবে দারুণ স্কোর করা রামকৃষ্ণ সাহা পরের রাউন্ডে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন।
ব্যক্তিগত ইভেন্টে অংশ নেওয়া তিন আরচ্যারের মোট স্কোরের ভিত্তিতে দলগত ইভেন্টের অবস্থান নির্ধারিত হয়। বাংলাদেশ মোট ১৯৮৪ স্কোর করে কাজাখস্তানের সঙ্গে টাই করে। টাইব্রেকিংয়ে কাজাখস্তান দশম এবং বাংলাদেশ ১১তম হয়েছে।
দলগত ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান, যারা র্যাঙ্কিং রাউন্ডে ২০১৮ স্কোর করেছে।
কম্পাউন্ডেও উজ্জ্বল বাংলাদেশ
ছেলেদের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে নেওয়াজ আহমেদ রাকিব ক্যারিয়ার সেরা ৭০১ স্কোর করেও ৪৫ প্রতিযোগীর মধ্যে ২২তম হয়েছেন। হিমু বাছাড় ৬৯৬ স্কোর করে ৩১তম এবং ঐশ্বর্য্য রহমান ক্যারিয়ার সেরা ৬৯৫ স্কোর করে ৩৩তম হয়েছেন।
মেয়েদের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে বন্যা আক্তার ক্যারিয়ার সেরা ৬৯৭ স্কোর করে ৫৩ প্রতিযোগীর মধ্যে ১৬তম হয়েছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে ১১৬তম অবস্থানে থাকা এই আরচ্যারের আগের ক্যারিয়ার সেরা স্কোর ছিল ৬৯৩।
কুলসুম আক্তার মনি ৬৯২ স্কোর করে ২৬তম এবং পুষ্পিতা জামান ৬৭৮ স্কোর করে ৩৮তম হয়েছেন।
তিন আরচ্যারের মোট ২০৬৭ স্কোরে কম্পাউন্ড দলগত ইভেন্টে বাংলাদেশের অবস্থান হয়েছে দশম। প্রি-কোয়ার্টার ফাইনালে লাল-সবুজদের প্রতিপক্ষ কাজাখস্তান।
মিশ্র দ্বৈতেও বাংলাদেশের লড়াই
রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টে মনিরা আক্তার ও আব্দুর রহমান আলিফ জুটি ১৩১২ স্কোর করে ২০ দলের মধ্যে ১৪তম হয়েছে। পরের রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ র্যাঙ্কিং রাউন্ডে ১৯তম হওয়া থাইল্যান্ড।
কম্পাউন্ড মিশ্র দ্বৈতে ঐশ্বর্য্য রহমান ও পুষ্পিতা জামান জুটি ১৩৯৮ স্কোর করে ১১তম হয়েছে। পরের রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা ইরান।
ব্যাডমিন্টনে প্রথম অংশগ্রহণ শেষ
এশিয়ান গেমসে এবারই প্রথম ব্যাডমিন্টনে অংশ নিয়েছে বাংলাদেশ। অভিষেকে পুরুষ দ্বৈত ইভেন্টে আয়মান ইবনে জামান ও গৌরব সিংহ জুটি প্রথম রাউন্ডে কাজাখস্তানের আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটিকে ২১-৮, ২১-১২ ব্যবধানে হারিয়েছিল।
তবে দ্বিতীয় রাউন্ডে চাইনিজ তাইপের কাছে ২১-১, ২১-১০ ব্যবধানে হেরে তাদের এশিয়ান গেমস অভিযান শেষ হয়েছে।
বক্সিং ও শুটিংয়ে বাংলাদেশের ফল
বক্সিংয়ের পুরুষদের ৫৫ কেজি ওজন বিভাগে মো. উৎসব আহমেদ মঙ্গোলিয়ার খারখু বিলগুণসাইখানের কাছে ৫-০ ব্যবধানে হেরেছেন।
শুটিংয়ের নারীদের ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশন ইভেন্টে সৈয়দা আতকিয়া হাসান ৫৭৪ স্কোর করে ৪৫ প্রতিযোগীর মধ্যে ৩৬তম হয়েছেন। সাজিদা হক ৫৬১ স্কোর করে তালিকার শেষদিকে অবস্থান করেছেন।
-স্বাধীন/এস
এশিয়াডে পদক জিতলে আরচ্যারদের জন্য বোনাস ঘোষণা

