অসুস্থ হয়ে দেশে ফিরছেন শান্ত, বদলি হিসেবে দলে শামীম পাটোয়ারী
চলমান এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল এখন জাপানে। শক্তিশালী দল নিয়েই এশিয়ান গেমসে গেছে বাংলাদেশ। দলে রয়েছেন নাজমুল হোসেন শান্তও। তবে অসুস্থতার কারণে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে এই টপ অর্ডার ব্যাটারকে।
আগামীকাল জাপান থেকে দেশে ফিরবেন শান্ত। জানা গেছে, জাপানে যাওয়ার ফ্লাইট থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নাগোয়ার একটি হাসপাতালে নেওয়া হয়।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও এশিয়ান গেমসে বাংলাদেশের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ (অব.) বলেন, ‘শান্তর অনেক জ্বর। তাকে নাগোয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। তার বিশ্রাম প্রয়োজন এবং খেলার মতো অবস্থায় নেই। তাই তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
শান্তর শারীরিক অবস্থা নিয়ে দলের সঙ্গে থাকা ফিজিও বায়েজিদ ইসলাম জানান, জ্বরের পাশাপাশি তার শরীরে দুর্বলতা রয়েছে। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ও কোভিড নেগেটিভ এসেছে। তবে রক্তে ইনফেকশন পাওয়া গেছে।
তিনি বলেন, ‘আসার ফ্লাইট থেকেই জ্বর অনুভূত হচ্ছিল। এটা ওঠানামা করছে। রক্ত পরীক্ষা করা হয়েছে। এতে ডেঙ্গু-কোভিড নেগেটিভ এসেছে। তবে রক্তে ইনফেকশন রয়েছে। শরীর অনেক দুর্বল হওয়ায় খেলা সম্ভব নয় তার, তাই দেশে ফিরে যাচ্ছে।’
এদিকে শান্ত দেশে ফিরে এলে তার পরিবর্তে কে দলে যোগ দেবেন, তা নিয়ে আলোচনা চলছিল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শান্তর বদলি হিসেবে নতুন করে শামীম পাটোয়ারীকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে কোয়ার্টার ফাইনালের ম্যাচে শামীমকে পাওয়া যাবে না। পরবর্তী ম্যাচগুলোতে দলের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পাবেন এই অলরাউন্ডার।
-স্বাধীন/এস
অসুস্থ হয়ে দেশে ফিরছেন শান্ত, বদলি হিসেবে দলে শামীম পাটোয়ারী

