ভারতকে হারানোর সেই ম্যাচ থেকেই পাকিস্তান ক্রিকেটের পতন

প্রকাশঃ Sep 8, 2026 - 10:47
ভারতকে হারানোর সেই ম্যাচ থেকেই পাকিস্তান ক্রিকেটের পতন

পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক ব্যর্থতার শুরু ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক জয় থেকেই—এমনটাই মনে করেন দেশটির সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। তাঁর মতে, ওই জয়ের পর দলের খেলোয়াড়দের মধ্যে আত্মতুষ্টি ও অহংকার তৈরি হয়, যার নেতিবাচক প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান ক্রিকেট।

ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর ইউসুফের এই মন্তব্য সামনে এসেছে। দুই ম্যাচে ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দল থেকে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়েছে। একই সঙ্গে কোচিং কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে।

সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউসুফ বলেন, ২০২১ সালে ভারতের বিপক্ষে পাকিস্তানের সেই জয়টি ছিল গৌরবের হলেও পরবর্তী সময়ে সেটিই দলের জন্য নেতিবাচক প্রভাব তৈরি করে।

‘২০২১ সালে ভারতের বিপক্ষে যে ম্যাচটা আমরা জিতেছিলাম, সেটা আমাদের অনেক ক্ষতি করেছে। কারণ সেই জয়ের পর খেলোয়াড়রা ভাবতে শুরু করে যে তারা অনেক বড় কিছু অর্জন করে ফেলেছে। এরপর তাদের কী করতে হবে, সেটা তারা বুঝতে পারেনি,’ বলেন ইউসুফ।

তাঁর মতে, সাফল্যের পরও খেলোয়াড়দের বিনয়ী থাকা জরুরি। কিন্তু পাকিস্তান দলে সেই মানসিকতার ঘাটতি দেখা দিয়েছে।

ইউসুফ বলেন, ‘যখন ভালো খেলবে, তখন বিনয়ী থাকতে হয়। কলার তুলে অসম্মানজনক আচরণ করলে সমস্যা আসবেই। আর পাকিস্তান ক্রিকেটে সেই সমস্যাই অনেক এসেছে।’

দলের অভ্যন্তরীণ নেতৃত্বের আকাঙ্ক্ষাকেও বর্তমান সংকটের অন্যতম কারণ হিসেবে দেখছেন ইউসুফ। তাঁর দাবি, দলের প্রায় প্রত্যেকেই অধিনায়ক হওয়ার চেষ্টা করছিলেন, যার প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সে।

‘দলের প্রত্যেকেই পাকিস্তান দলের অধিনায়ক হতে চেষ্টা করছিল। এর ফল এখনও পাকিস্তান ক্রিকেটকে ভোগাচ্ছে,’ বলেন তিনি।

গত কয়েক বছরে পাকিস্তানের পারফরম্যান্সের ধারাবাহিক ব্যর্থতার কথাও তুলে ধরেন সাবেক এই ব্যাটসম্যান। তাঁর মতে, ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফি—বড় টুর্নামেন্টগুলোতে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি পাকিস্তান।

ইউসুফের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে পাকিস্তান যত ক্রিকেট খেলেছে, ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ থেকে চ্যাম্পিয়নস ট্রফি, সব জায়গায় খেলা হয়েছে ভয়াবহ। পিসিবি পুরোটা সময় পাশে থেকেছে। অনেক কোচ এসেছেন-গেছেন, অনেক কিছু বদলানো হয়েছে শুধু পাকিস্তান দলকে সাহায্য করতে। কিন্তু কোনো খেলোয়াড় নিজে থেকে দায়িত্ব নেয়নি।’

ইংল্যান্ড সিরিজে বড় পরিবর্তন

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে এক ইনিংস ও ১০৩ রানে হারের পর দ্বিতীয় টেস্টেও ১৯৪ রানের বড় ব্যবধানে হারে পাকিস্তান। দুই ম্যাচেই ব্যাটিং ছিল দলের সবচেয়ে বড় দুর্বলতা। কোনো ইনিংসেই ২০০ রান করতে পারেনি সফরকারীরা। লর্ডসে দ্বিতীয় টেস্টে সৌদ শাকিলের ৯৭ রানই ছিল দলের হয়ে সেঞ্চুরির সবচেয়ে কাছাকাছি ইনিংস।

এই ব্যর্থতার পর তৃতীয় টেস্টের আগেই সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় পিসিবি। তারা হলেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলি আগা, আলি উসমান, খুররম শাহজাদ, আমির জামাল ও মুহাম্মদ আওয়াইস জাফর। তাঁদের মধ্যে শেষ দুজন সিরিজের কোনো ম্যাচেই মাঠে নামেননি।

তাঁদের জায়গায় দলে নেওয়া হয়েছে সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজলকে। দুজনই আগে পাকিস্তানের হয়ে খেলেছেন। এ ছাড়া নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাঈদ বেগ, মোহাম্মদ ইমরান ও রাজাউল্লাহ।
সফরের মাঝপথে এমন বড় পরিবর্তনের সিদ্ধান্তকে সমর্থন করেছেন ইউসুফ। তাঁর মতে, পাকিস্তানের ক্রিকেটীয় ভাবমূর্তি রক্ষায় পিসিবিকে কঠোর পদক্ষেপ নিতেই হয়েছে।

‘হ্যাঁ, পিসিবি যে পদক্ষেপ নিয়েছে তাতে কোনো সমস্যা নেই। পাকিস্তান দল টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে নয় নম্বরে আছে। তারা নয় নম্বরে আছে কারণ টেবিলেই মাত্র নয়টি দল আছে। পাকিস্তানের সুনাম নষ্ট হচ্ছে। তাই যখন এমন হচ্ছে, তখন বোর্ডকে উন্নতির জন্য কিছু পদক্ষেপ নিতেই হয়,’ বলেন তিনি।

তবে নতুন খেলোয়াড়দের দলে নেওয়ার পরপরই ফল বদলে যাবে—এমন প্রত্যাশা না রাখার পরামর্শও দিয়েছেন ইউসুফ। তাঁর মতে, পাকিস্তানের সংকট সাম্প্রতিক কোনো সিরিজের ফল নয়; এর পেছনে রয়েছে দীর্ঘদিনের ধারাবাহিক ব্যর্থতা।

তিনি বলেন, ‘পিসিবির প্রতিক্রিয়ায় আমি কোনো সমস্যা দেখি না। কারণ দল অনেক দিন ধরেই বাজে ক্রিকেট খেলছে। শুধু ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজ নয়। আমরা ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছি, এশিয়া কাপের ফাইনালও খেলেছি। কিন্তু সেই ফাইনালগুলোর পর থেকে এই পাকিস্তান দলের পারফরম্যান্স দেখুন।’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা এজবাস্টনে। পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব বর্তমানে সামলাচ্ছেন সাদা বলের কোচ মাইক হেসন।


-স্বাধীন দিগাস্ত/ এস

ভারতকে হারানোর সেই ম্যাচ থেকেই পাকিস্তান ক্রিকেটের পতন
লোগো
Sep 8, 2026

ভারতকে হারানোর সেই ম্যাচ থেকেই পাকিস্তান ক্রিকেটের পতন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta