আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে ছাঁটাই, বাদ পড়লেন ছয় ফুটবলার

প্রকাশঃ Sep 10, 2026 - 13:33
আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে ছাঁটাই, বাদ পড়লেন ছয় ফুটবলার

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টের জন্য ঘরোয়া লিগে খেলা ২৮ ফুটবলারকে নিয়ে প্রাথমিক দল সাজিয়েছিলেন কোচ থমাস ডুলি। পরবর্তী সময়ে কয়েকজন প্রবাসী ফুটবলারকেও অনুশীলনে যুক্ত করা হয়।

কয়েক দিনের অনুশীলন পর্যবেক্ষণের পর দল ছোট করার প্রক্রিয়া শুরু করেছেন কোচ। এরই অংশ হিসেবে ছয় ফুটবলারকে প্রাথমিক স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।

জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, ইয়াসির তাহমিদ, দেবজিত সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুল আপাতত দলের বাইরে চলে গেছেন। তিনি বলেন, আজকের অনুশীলন শেষে আরও একজন ফুটবলারকে বাদ দেওয়া হতে পারে। তবে ইন্দোনেশিয়া সফরে শেষ পর্যন্ত কতজন খেলোয়াড় থাকবেন, সেটি এখনো নিশ্চিত করেননি কোচ।

বাদ পড়াদের মধ্যে ইসা ফয়সাল জাতীয় দলের পরিচিত মুখ। হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর থমাস ডুলির অধীনে আবারও সুযোগ পেয়েছিলেন এই ফুলব্যাক। সান মারিনোর বিপক্ষে ডুলির প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশেও ছিলেন তিনি। তবে আসিয়ান কাপের চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি ইসা।

অন্যদিকে কাজেম শাহ ও তাজ উদ্দিনও সম্প্রতি সান মারিনো সফরের দলে ছিলেন। তারাও এবার ইন্দোনেশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন না।

প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিত সরকার জাতীয় দলের অনুশীলনে নিজেদের প্রমাণের সুযোগ পেয়েছিলেন। তবে কোচের প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারায় তাদেরও বাদ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য যুক্তরাষ্ট্রপ্রবাসী গোলরক্ষক সাইফ এখন পর্যন্ত অনুশীলনে ভালো করছেন।

ইতোমধ্যে কাজেম, ইসা ও তাজ উদ্দিন দলের হোটেল ছেড়েছেন। রাহুল এখনো হোটেলে অবস্থান করছেন। খেলোয়াড়দের বাদ দেওয়ার নির্দিষ্ট কারণ কোচ বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়নি। তবে একই পজিশনে একাধিক বিকল্প থাকায় ডুলি দল সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

আগামী ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হবে আসিয়ান কাপ। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে। তার আগে প্রস্তুতি হিসেবে আগামীকাল ঢাকায় ফর্টিজের বিপক্ষে একটি ম্যাচ খেলবে জাতীয় দল।


-স্বাধীন দিগাস্ত/এস

আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে ছাঁটাই, বাদ পড়লেন ছয় ফুটবলার
লোগো
Sep 10, 2026

আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে ছাঁটাই, বাদ পড়লেন ছয় ফুটবলার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta