মা হারালেন সাবেক ক্রিকেটার শফিউল ইসলাম

প্রকাশঃ Aug 19, 2026 - 14:11
মা হারালেন সাবেক ক্রিকেটার শফিউল ইসলাম

মাকে হারিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ডানহাতি পেসার শফিউল ইসলাম। বুধবার (১৯ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন তিনি।

শফিউল লিখেছেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি জানাচ্ছেন, তার পরম শ্রদ্ধেয় মা সকাল সাড়ে ৮টায় সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশে পাড়ি জমিয়েছেন। তিনি মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

মরহুমার জন্য দোয়া চেয়ে শফিউল আরও বলেন, মহান আল্লাহ যেন তার মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং সব ভুলত্রুটি ক্ষমা করে দেন। একই সঙ্গে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় শফিউলের। একই বছর টেস্ট ও টি-টোয়েন্টিতেও অভিষেক হয় এই পেসারের। বাংলাদেশের হয়ে তিনি ১১ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেট ১০৭টি।

শফিউলের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। চট্টগ্রামে ১৬৯ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় থাকা বাংলাদেশকে মাহমুদউল্লাহর সঙ্গে নবম উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় এনে দেন তিনি। ওই ম্যাচে ২৪ বলে অপরাজিত ২৪ রান করেন শফিউল। বাংলাদেশ ম্যাচটি জেতে ২ উইকেটে।

সাম্প্রতিক সময়ে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেললেও ২০২০ সালের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি শফিউল। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর চলতি বছরের ৫ জানুয়ারি সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

এদিকে শফিউলের মায়ের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন বাংলাদেশের সাবেক পেসার রুবেল হোসেন। তিনি শফিউলকে নিজের বন্ধু উল্লেখ করে মরহুমার জন্য দোয়া করেন এবং মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দানের প্রার্থনা জানান।

-স্বাধীন/ এমএ

মা হারালেন সাবেক ক্রিকেটার শফিউল ইসলাম
লোগো
Aug 19, 2026

মা হারালেন সাবেক ক্রিকেটার শফিউল ইসলাম

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta