শচীনকে ছাড়িয়ে ওয়ানডেতে দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ড টেইলরের

প্রকাশঃ Sep 17, 2026 - 14:09
শচীনকে ছাড়িয়ে ওয়ানডেতে দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ড টেইলরের

ক্রিকেটে এমন কিছু রেকর্ড আছে, যেগুলো ভাঙা প্রায় অসম্ভব বলেই মনে করা হয়। ওয়ানডেতে দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ডও ছিল তেমনই একটি। এতদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তবে এবার তাকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেইলর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই রেকর্ডটি নিজের করে নেন টেইলর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে তার ওয়ানডে ক্যারিয়ারের বয়স দাঁড়ায় ২২ বছর ১৪৮ দিন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই এখন সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ার।

তবে ব্যক্তিগত অর্জনের দিনটি দলীয় সাফল্যে রাঙাতে পারেননি টেইলর। ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫৯ রানে হেরেছে জিম্বাবুয়ে। টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৫.১ ওভারে ২৩৫ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ব্যাট হাতে টেইলরও ব্যর্থ হয়েছেন। ১৩ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এর আগে ওয়ানডেতে দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। ভারতের সাবেক এই ব্যাটারের ওয়ানডে ক্যারিয়ারের স্থায়িত্ব ছিল ২২ বছর ৯১ দিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নেমে সেই রেকর্ড পেছনে ফেলেন টেইলর।

তবে ওয়ানডেতে সর্বোচ্চ রান ও সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড এখনো শচীনের দখলে। ৪৬৩ ম্যাচে তার সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান। ওয়ানডে ইতিহাসে এটিই কোনো ব্যাটারের সর্বোচ্চ রান।

৪০ বছর বয়সী টেইলরের আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হয় ২০০৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ধীরে ধীরে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের অন্যতম ভরসায় পরিণত হন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ২০৭টি ওয়ানডেতে তার রান ছিল ৬ হাজার ৭০৪। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি করেছেন ১১টি সেঞ্চুরি।

তবে টেইলরের ক্রিকেট ক্যারিয়ার সবসময় মসৃণ ছিল না। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। পরের বছর প্রকাশ করেন, ২০১৯ সালে কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন।

টেইলরের দাবি ছিল, ওই সময় তাকে কোকেন সেবনে প্ররোচিত করা হয় এবং পরবর্তী সময়ে ব্ল্যাকমেলেরও শিকার হন তিনি। তবে তিনি কখনো ম্যাচ গড়াপেটায় জড়িত ছিলেন না বলে দাবি করেন। পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানাতে দেরি হয়েছিল বলেও স্বীকার করেন।

ঘটনার পর আইসিসি তাকে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর ২০২৫ সালে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন জিম্বাবুয়ের এই অভিজ্ঞ ব্যাটার। প্রত্যাবর্তনের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেই ওয়ানডে ক্রিকেটে দীর্ঘতম ক্যারিয়ারের অনন্য রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।

-স্বাধীন/এস

শচীনকে ছাড়িয়ে ওয়ানডেতে দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ড টেইলরের
লোগো
Sep 17, 2026

শচীনকে ছাড়িয়ে ওয়ানডেতে দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ড টেইলরের

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta