রিয়ালের বড় সমস্যা ‘আত্মতুষ্টি’, বলছেন মরিনিও

প্রকাশঃ Sep 16, 2026 - 19:52
রিয়ালের বড় সমস্যা ‘আত্মতুষ্টি’, বলছেন মরিনিও

মাঠে ভালো অবস্থানে যাওয়ার পরই গতি হারিয়ে ফেলা—রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ম্যাচগুলোতে এমন প্রবণতাই চোখে পড়ছে কোচ জোসে মরিনিওর। তার মতে, এগিয়ে যাওয়ার পর খেলোয়াড়দের মধ্যে এক ধরনের আত্মতুষ্টি তৈরি হচ্ছে, যা শেষ মুহূর্তে দলকে অপ্রয়োজনীয় চাপের মধ্যে ফেলছে।

বুধবার লা লিগায় এলচের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে নিজের অসন্তোষের কথা জানান পর্তুগিজ কোচ। প্রথমার্ধেই দুই গোলের ব্যবধান গড়ে নিয়েছিল রিয়াল। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই আধিপত্য ধরে রাখতে পারেনি তারা। সুযোগ কাজে লাগিয়ে এলচে ম্যাচে ফিরে আসে এবং একপর্যায়ে সমতাও ফেরায়।

শেষ পর্যন্ত অবশ্য ইনজুরি সময়ে কার্লোস এস্পির গোল রিয়ালকে এনে দেয় কাঙ্ক্ষিত জয়।

ম্যাচের পর মরিনিওর মতে, দুই গোলের লিড পাওয়ার পরই দল নিজেদের অনেকটা নিরাপদ মনে করতে শুরু করে। আর সেখান থেকেই পারফরম্যান্সে আসে বড় পরিবর্তন।

তার ভাষায়, ফুটবলে কোনো ম্যাচকেই আগেভাগে সহজ ধরে নেওয়া উচিত নয়। প্রতিপক্ষ একবার ব্যবধান কমিয়ে ফেললেই ম্যাচের পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। তাই সুযোগ পাওয়ার পর আরও গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিশ্চিত করার পরিবর্তে গতি কমিয়ে দেওয়া বিপজ্জনক বলেও মনে করেন তিনি।

ঘুরে দাঁড়িয়ে জয়ের প্রশংসা

তবে ম্যাচের শেষদিকে রিয়ালের মানসিক দৃঢ়তার প্রশংসাও করেছেন মরিনিও। এলচে দুই গোল করে সমতায় ফেরার পর কৌশলে পরিবর্তন আনেন তিনি। আক্রমণে বাড়ানো হয় চাপ, যার ফলও আসে দ্রুত।

বদলি হিসেবে মাঠে নামা কার্লোস এস্পি ইনজুরি সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন। কঠিন পরিস্থিতি থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায় এটিকেই ম্যাচের সবচেয়ে ইতিবাচক দিক হিসেবে দেখছেন রিয়াল কোচ।

রসিকতার সুরে মরিনিও আরও বলেন, রিয়াল মাদ্রিদের ম্যাচে দর্শকদের বিরক্ত হওয়ার সুযোগ নেই। কারণ দলটির প্রতিটি ম্যাচেই কোনো না কোনোভাবে উত্তেজনা ও নাটকীয়তা থাকে।

সামনে মাদ্রিদ ডার্বি

এলচের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর রিয়ালের সামনে আরও বড় পরীক্ষা। আগামী রোববার ঘরের মাঠে মাদ্রিদ ডার্বিতে নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে তারা। ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেদের জন্যও ম্যাচটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ পরীক্ষা।

লা লিগায় ছয় ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ১৫ পয়েন্ট। একই পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে গোল ব্যবধানে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।

-স্বাধীন/এস

রিয়ালের বড় সমস্যা ‘আত্মতুষ্টি’, বলছেন মরিনিও
লোগো
Sep 16, 2026

রিয়ালের বড় সমস্যা ‘আত্মতুষ্টি’, বলছেন মরিনিও

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta