উজবেকিস্তান সফরের আগেই বরখাস্ত কোচ জেরার্ড জোন্স
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের উজবেকিস্তান সফরের ঠিক এক দিন আগে ইংলিশ প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নানা বিতর্ক ও নাটকীয়তার পর জোন্সের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছে ফেডারেশন।
আগামীকাল বুধবার (২৬ আগস্ট) উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের। গুরুত্বপূর্ণ সফরের মাত্র ২৪ ঘণ্টা আগে প্রধান কোচকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।
সূত্রের তথ্য অনুযায়ী, জোন্সের অনুপস্থিতিতে আপাতত দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু। বাছাইপর্বের আগে কোচিং স্টাফে আরও পরিবর্তন আসতে পারে বলেও বাফুফের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।
আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। উয়েফা ‘এ’ লাইসেন্সধারী জেরার্ড জোন্সকে গত জুনে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল বাফুফে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মাঠের বাইরের বিভিন্ন ঘটনায় বিতর্কে জড়ান তিনি।
প্রথমে যশোরে দলের অনুশীলন ক্যাম্পে বকেয়া বেতন ও নিরাপত্তার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন জোন্স। তার এমন বক্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ফেডারেশন।
এরপর ঢাকার হোটেল হলিডে ইন-এ অবস্থানকালে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে তীব্র বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে তা শারীরিক সংঘাতে গড়ায়। এ ঘটনায় জোন্স জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে হোটেলে পুলিশ ডাকেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে জোন্স অভিযোগ করেন, কর্মস্থলে তিনি শারীরিকভাবে হামলার শিকার হয়েছেন এবং নিজেকে নিরাপদ মনে করছেন না। বাফুফের কাছে লিখিত অভিযোগ ও আঘাতের ছবি দেওয়ার পরও কোনো সহায়তা পাননি বলেও দাবি করেন তিনি।
এদিকে কোচিং স্টাফের মধ্যে হাতাহাতি এবং পুলিশ ডাকার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার আশঙ্কায় বাফুফে শেষ মুহূর্তে দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বাতিল করেছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার বিকেল ৪টায় বাফুফে ভবনে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। তবে শুরু হওয়ার ঠিক আগে মিডিয়া বিভাগ ‘অনিবার্য কারণবশত’ অনুষ্ঠানটি বাতিলের কথা জানায়।
-স্বাধীন/ এমএ
উজবেকিস্তান সফরের আগেই বরখাস্ত কোচ জেরার্ড জোন্স

