শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার রানে জো রুট
ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রান পূর্ণ করার দিক থেকে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন তিনি।
২৩ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে রুটের লেগেছে ৫২১ ইনিংস। অন্যদিকে শচীন টেন্ডুলকার এই কীর্তি গড়েছিলেন ৫২২ ইনিংসে।
এই তালিকায় সবার ওপরে রয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। মাত্র ৪৯০ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪৪ রানের ইনিংস
শ্রীলঙ্কার বিপক্ষে মাইলফলক স্পর্শ করা ম্যাচে ৫২ বলে ৫টি চারের সাহায্যে ৪৪ রান করেন রুট।
শুরুতে দেখেশুনে ব্যাটিং করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পেস ও স্পিন—দুই ধরনের বোলিংয়ের বিপক্ষেই সাবলীল হয়ে ওঠেন তিনি। মিড-উইকেটে দারুণ শটে বাউন্ডারি মেরে রানের খাতা খোলার পর স্পিনারদের বিরুদ্ধেও নিয়মিত রান তুলতে থাকেন।
তবে অভিষিক্ত স্পিনার শচিন্দু কোলম্বুজের বলে ব্যাটের পাশ দিয়ে স্টাম্প ভেঙে গেলে ৪৪ রানেই থামে রুটের ইনিংস।
দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রান
বিরাট কোহলি (ভারত) — ৪৯০ ইনিংস
জো রুট (ইংল্যান্ড) — ৫২১ ইনিংস
শচীন টেন্ডুলকার (ভারত) — ৫২২ ইনিংস
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) — ৫৪৪ ইনিংস
ইংল্যান্ডের প্রথম, অষ্টম ব্যাটার রুট
৩৫ বছর বয়সী রুট আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করা প্রথম ইংলিশ ব্যাটার। সব মিলিয়ে তিনি এই মাইলফলক স্পর্শ করা অষ্টম ব্যাটার।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে রুটের মোট রান ২৩ হাজার ৪১। সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি রয়েছেন অষ্টম স্থানে।
তাঁর ঠিক ওপরে সপ্তম স্থানে থাকা ভারতের রাহুল দ্রাবিড়ের আন্তর্জাতিক রান ২৪ হাজার ২০৮।
-স্বাধীন/এস
শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার রানে জো রুট

