পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়েই প্রশ্ন তুললেন মদন লাল
এশিয়া কাপের ট্রফি বিতর্কে সরব হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ভারতীয় নারী দলের ট্রফি না নেওয়ার ঘটনায় পাকিস্তানের বিপক্ষে ভারতের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া উচিত কি না, সেই প্রশ্ন তুলেছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক এই পেসার।
রোববার শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেননি হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। গত বছর পুরুষদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পরও একই অবস্থান নিয়েছিল ভারতীয় দল। সেবারও নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি তারা।
‘এভাবে চললে পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয়’
ঘটনার পর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান মদন লাল। ভারত যদি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এমন অবস্থানই ধরে রাখে, তাহলে ক্রিকেটেও একই নীতি অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
মদন লাল লিখেছেন, ‘আবারও সেই একই পুরনো গল্প। আমরা যদি এভাবেই আচরণ করতে থাকি, তাহলে কোনো ট্রফিতেই পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা উচিত নয়। আমি জানি, এটা বোর্ডের সিদ্ধান্ত।’
ট্রফি না নেওয়ার ব্যাখ্যা দিল বিসিসিআই
ভারতীয় দলের ট্রফি না নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নারী এশিয়া কাপের ফাইনালের পর ভারতীয় দলের সঙ্গে মাঠে ছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ও সহসভাপতি রাজীব শুক্লা।
পরে সংবাদ সংস্থা আইএএনএসকে সাইকিয়া জানান, পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের পরিস্থিতি বদলে গেছে। একই সঙ্গে দেশের মানুষের পক্ষ থেকেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক না রাখার চাপ রয়েছে বলে জানান তিনি।
তবে বহুজাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে ভারতের সরকারি নীতি অনুযায়ী প্রতিটি দলের বিপক্ষেই খেলতে হয় বলে জানান সাইকিয়া। তার মতে, ক্রিকেট ম্যাচে অংশ নেওয়া এবং ট্রফি গ্রহণ—দুটি বিষয় আলাদা।
সাইকিয়ার ভাষ্য, ‘গত বছরের এপ্রিলে পহেলগাম হামলার পর থেকে পুরো পরিস্থিতিটাই পাল্টে গেছে। আমাদের নাগরিকদের পক্ষ থেকে আমাদের ওপর চাপ আছে যে, আমরা যেন আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি এবং তাদের সঙ্গে ক্রিকেট না খেলি। যদিও আমাদের সরকারের একটি নীতি আছে—বহুজাতিক টুর্নামেন্টগুলোতে আমাদের অবশ্যই প্রতিটি দেশের বিরুদ্ধে খেলতে হবে।’
তিনি আরও বলেন, এর অর্থ এই নয় যে ভারতের জন্য নির্ধারিত প্রতিটি শর্ত মেনে নিতে হবে। সামরিক সংঘাত এখনো চলমান উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করা প্রধান নেতাদের একজনের কাছ থেকে ভারত ট্রফি গ্রহণ করতে পারে না।
গত বছর পুরুষ দলের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে এবার নারী দলও সংহতি প্রকাশ করেছে বলেও জানান বিসিসিআই সচিব।
-স্বাধীন/এস
পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়েই প্রশ্ন তুললেন মদন লাল

