নারী কেলেঙ্কারির অভিযোগে এবার চাপে ইনফান্তিনো

প্রকাশঃ Aug 8, 2026 - 15:14
নারী কেলেঙ্কারির অভিযোগে এবার চাপে ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন একটি অভিযোগ সামনে এসেছে। অভিযোগে বলা হয়েছে, উয়েফার মহাসচিব থাকাকালে তার সঙ্গে সম্পর্কে জড়িত এক নারী কর্মীকে অর্থ দিয়ে সংস্থা থেকে বিদায় করা হয়েছিল।

৫৬ বছর বয়সী ইনফান্তিনো বর্তমানে ফিফা সভাপতির পদ ধরে রাখার লড়াইয়ের মধ্যেই আছেন। এর মধ্যে উয়েফায় দায়িত্ব পালনের সময় তার আচরণ নিয়ে এ অভিযোগ সামনে এসেছে। তবে অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেছেন তিনি।

যে অভিযোগ উঠেছে

‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, উয়েফার এক নারী কর্মীর সঙ্গে ইনফান্তিনোর সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠার পর ওই কর্মীকে ছয় অঙ্কের অর্থ দেওয়া হয়। পাশাপাশি তার এমবিএ পড়ার খরচও বহন করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তখন বিবাহিত এবং চার সন্তানের বাবা ইনফান্তিনো উয়েফার মহাসচিবের দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, ওই সম্পর্ক চলাকালেই ওই জুনিয়র কর্মীকে একটি ব্যবস্থাপনা পদে পদোন্নতি দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, উয়েফার তৎকালীন সভাপতি মিশেল প্লাতিনি বিষয়টি নিয়ে ইনফান্তিনোকে প্রশ্ন করেছিলেন। এরপর ওই নারী কর্মী বড় অঙ্কের অর্থ নিয়ে উয়েফা ছেড়ে চলে যান বলে দাবি করা হয়েছে।

যা বলছে উয়েফা

উয়েফার এক মুখপাত্র ‘দ্য টেলিগ্রাফ’-কে জানিয়েছেন, তারা অভিযোগ সম্পর্কে অবগত। সংশ্লিষ্ট কর্মীকে বিদায়ী অর্থ দেওয়ার পাশাপাশি স্থানীয় একটি বিজনেস স্কুলে এমবিএ কোর্সের ফিও পরিশোধ করা হয়েছিল বলে নিশ্চিত করেছেন তিনি।

মুখপাত্র বলেন, ওই সময়কার নিয়ম অনুযায়ীই এসব অর্থ প্রদান করা হয়েছিল। ২০১৬ সাল থেকে উয়েফা এ ধরনের নিয়ম আরও কঠোর করেছে বলেও জানান তিনি। বর্তমান কর্মী বিধিমালা উয়েফার সব পর্যায়ের কর্মীর জন্য প্রযোজ্য এবং আধুনিক ও উচ্চমানের প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করে বলেও উল্লেখ করেন তিনি।

ইনফান্তিনোর ওপর বাড়ছে চাপ

নতুন এই অভিযোগ এমন সময়ে সামনে এলো, যখন ইনফান্তিনো এরই মধ্যে নানা সমালোচনার মুখে রয়েছেন। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের অংশীদারত্ব বিক্রির গোপন পরিকল্পনা নিয়েও তার বিরুদ্ধে সমালোচনা চলছে। তার সাবেক প্রতিষ্ঠান উয়েফাই এখন তাকে ক্ষমতা থেকে সরানোর উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ফিফার এক মুখপাত্র ‘দ্য টেলিগ্রাফ’-কে বলেছেন, ইনফান্তিনো অভিযোগগুলো দৃঢ়ভাবে অস্বীকার করছেন এবং এগুলো সম্পূর্ণ মিথ্যা। তার বিরুদ্ধে অনুচিত আচরণ বা নিয়ম ভঙ্গের কোনো অভিযোগই সত্য নয় বলেও দাবি করেছেন তিনি।

ফিফার মুখপাত্র আরও বলেন, উয়েফা বা ফিফার কোনো কর্মী কখনো ইনফান্তিনোর আচরণ নিয়ে অভিযোগ করেননি। কর্মীদের বিদায়ী ও ক্ষতিপূরণ প্যাকেজসহ সংশ্লিষ্ট সব সিদ্ধান্ত সবসময় প্রচলিত নিয়ম মেনে এবং যথাযথ কর্মকর্তাদের অনুমোদনের মাধ্যমে নেওয়া হয়েছে।

ইনফান্তিনো উয়েফায় প্রায় ১৬ বছর কাজ করেছেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফিফার সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এই পদে রয়েছেন। ২০০১ সালে লিনা আল আশকারকে বিয়ে করেন ইনফান্তিনো। লেবানন ফুটবল ফেডারেশনে কাজ করার সময় তাদের পরিচয় হয়েছিল।

-স্বাধীন দিগন্ত/ এমএ

নারী কেলেঙ্কারির অভিযোগে এবার চাপে ইনফান্তিনো
লোগো
Aug 8, 2026

নারী কেলেঙ্কারির অভিযোগে এবার চাপে ইনফান্তিনো

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta