এশিয়া কাপ জিতেও ট্রফি নিল না ভারত, বয়কট পুরস্কার বিতরণী
এক বছরের ব্যবধানে এশিয়া কাপের ট্রফি নিতে গিয়ে একই অবস্থান নিল ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে তারা।
ভূরাজনৈতিক উত্তেজনা ও ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পুরুষ দলের পর এবার নারী দলও একই অবস্থান নেওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
গত বছর পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল ভারতের পুরুষ ক্রিকেট দল। কিন্তু ফাইনালের পর নাকভি ট্রফি নিয়ে মাঠ ছাড়ায় সেটি আর ভারতীয় দলের হাতে ওঠেনি। ট্রফিটি বর্তমানে এসিসির দপ্তরে রয়েছে বলে জানা গেছে।
রোববার শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। এবারও পুরস্কার বিতরণী মঞ্চে নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারতীয় দল। এমনকি শেষ পর্যন্ত পোডিয়ামেও ট্রফি আনা হয়নি।
বিকল্প কর্মকর্তার প্রস্তাবও মানেননি নাকভি
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চ্যাম্পিয়ন হলে নাকভির উপস্থিতিতে ট্রফি গ্রহণ করবে না—বিসিসিআই আগেই এসিসিকে বিষয়টি জানিয়ে রেখেছিল।
বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানান, ভারতীয় দল এসিসির ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে প্রস্তুত ছিল। কিন্তু নাকভি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে ভারত।
সাইকিয়া বলেন, ‘দেড় বছর আগের ধারাবাহিকতায় আমরা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে চাইনি। আমরা এখনও আমাদের পুরুষদের এশিয়া কাপের ট্রফিটি হাতে পাইনি।’
তিনি আরও বলেন, দেশের বহু মানুষের প্রাণহানির ঘটনাকে স্মরণ করে ভারত তাদের অবস্থান থেকে সরে আসতে চায়নি।
‘একদিন দুই ট্রফিই ফিরে পাব’
বিসিসিআই সেক্রেটারি আশাবাদ ব্যক্ত করেছেন, শেষ পর্যন্ত দুই ট্রফিই তাদের হাতে আসবে।
সাইকিয়ার ভাষায়, ‘এশিয়া কাপে দারুণ জয়ের জন্য বিসিসিআই নারী দলকে অভিনন্দন জানিয়েছে। পুরো দেশ আমাদের ক্রিকেটারদের নিয়ে গর্বিত ও উচ্ছ্বসিত। কোনো এক পর্যায়ে আমরা দুটো ট্রফিই ফিরে পাব।’
এদিকে, নারী এশিয়া কাপ জয়ের পরও ট্রফি না নেওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান ক্রিকেটের রাজনৈতিক টানাপোড়েন আবারও আলোচনার কেন্দ্রে এসেছে।
-স্বাধীন/এস
এশিয়া কাপ জিতেও ট্রফি নিল না ভারত, বয়কট পুরস্কার বিতরণী

