এএফসি চ্যালেঞ্জ লিগ
ইব্রাহিমের একমাত্র গোলে রাজকীয় অভিষেক ফর্টিসের
এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের প্রথম ম্যাচেই জয় দিয়ে অভিষেক স্মরণীয় করে রাখল ফর্টিস এফসি। মঙ্গলবার (১১ আগস্ট) বসুন্ধরা কিংস অ্যারেনায় কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
ফর্টিসের হয়ে একমাত্র গোলটি করেন ইব্রাহিম। এ জয়ের ফলে প্রথমবারের মতো এএফসির কোনো টুর্নামেন্টে খেলতে নেমেই ইতিহাস গড়ল ফর্টিস। দলটির কোচ মাসুদ পারভেজ কায়সারেরও এটি এএফসি প্রতিযোগিতায় প্রথম ম্যাচে জয়।
ম্যাচের শুরু থেকেই সতর্ক ফুটবল খেলতে থাকে ফর্টিস। রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণ থেকে গোল আদায়ের পরিকল্পনায় এগোয় তারা। দলে ছিল আটজন বিদেশি ফুটবলার।
২২ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পায় ফর্টিস। একক প্রচেষ্টায় বক্সের বাঁ দিক দিয়ে উঠে মুরাসের গোলরক্ষক ওরেস্ট কস্তিককে একা পেয়ে যান পা ওমর বাবু। বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করলেও বল সাইড পোস্টে লেগে বাইরে চলে যায়।
বিরতির পর চাপ বাড়িয়ে খেলতে থাকে মুরাস। তবে দুই দফায় ফর্টিসের গোলরক্ষক সুজন পেরেরা দুর্দান্ত সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন।
এরপর ৫২ মিনিটে ম্যাচের গতির বিপরীতে গোল করে ফর্টিসকে এগিয়ে দেন ইব্রাহিম। পা ওমর বাবুর কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে ডান পায়ে বল নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর বাঁ পায়ের গড়ানো শটে বল পাঠিয়ে দেন জালে। কিরগিজ গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে বল জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফর্টিস।
৫৬ মিনিটে দুর্দান্ত দুটি সেভ করে ফর্টিসের ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন কস্তিক। পা ওমর বাবুর কর্নার বাঁক খেয়ে পোস্টে ঢোকার আগমুহূর্তে গোললাইন থেকে বল ঠেকান তিনি। ফিরতি বল পেয়ে অনন্ত তামাং কাটব্যাক করেন এরিক বিস্তাকে। তাঁর বাঁকানো শটও ডানদিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন কস্তিক।
৭৪ মিনিটে সমতায় ফেরার বড় সুযোগ পায় মুরাস। মাদানভ ইসমইলোভিচের শট বক্সের ভেতর এরিক বিস্তার হাতে লাগলে পেনাল্টি পায় কিরগিজ দলটি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি আতাবায়েভ এরবল। তাঁর ডান পায়ের শট সাইড পোস্টে লেগে ফিরে আসে।
শেষ দিকে দুই দলই গোলের চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শক্তিশালী প্রতিপক্ষ মুরাস ইউনাইটেডকে হারিয়ে আনন্দে মেতে ওঠে ফর্টিস এফসি।
এএফসি চ্যালেঞ্জ লিগে অভিষেকেই এমন জয় বাংলাদেশের ক্লাবটির সামনে খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দরজা।
-স্বাধীন দিগন্ত/ এমএ
ইব্রাহিমের একমাত্র গোলে রাজকীয় অভিষেক ফর্টিসের

