যেসব অজুহাত জ্যোতির এশিয়া কাপ ব্যর্থতার পর
নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করলেও পুরো আসরজুড়েই ব্যাটারদের ব্যর্থতা ভুগিয়েছে দলকে। গুরুত্বপূর্ণ সেমিফাইনালেও সেই চিত্রের পরিবর্তন হয়নি।
বৃহস্পতিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। ফলে ফাইনালে উঠতে বাংলাদেশকে করতে হতো ১৫০ রান। কিন্তু রান তাড়ায় ৭ উইকেট হারিয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
ভারতের ইনিংসেও বাংলাদেশের ফিল্ডিংয়ে ছিল বেশ কিছু ভুল। চারটি ক্যাচ হাতছাড়া করার পরও দলের ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন অধিনায়ক জ্যোতি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতকে ১৩০ রানের মধ্যে আটকে রাখার পরিকল্পনা ছিল তাদের। মাঝের ওভারগুলোতে বোলাররা পরিকল্পনা অনুযায়ী বল করলেও শেষ দিকে ভারত দ্রুত রান তুলেছে।
জ্যোতির মতে, ব্যাটিংয়ের ব্যর্থতাই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, গত দুই ম্যাচে যারা রান করেছিলেন, এই ম্যাচে তারা রান পাননি। রানের এই ধারাবাহিকতার অভাবই দলকে ভোগাচ্ছে।
উইকেট কিছুটা ধীরগতির ছিল বলেও উল্লেখ করেন বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়, ব্যাটিংয়ের জন্য উইকেটটি খুব সহজ ছিল না। তবে এমন পরিস্থিতিতেও বোলাররা গত তিন ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বলে মনে করেন তিনি।
ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানাকে দ্রুত ফেরানোর পরও ভারতকে বড় সংগ্রহ থেকে আটকাতে পারেনি বাংলাদেশ। জ্যোতি জানান, শুধু মান্ধানা নয়, ভারতের সব ব্যাটারকে নিয়েই পরিকল্পনা ছিল। সুযোগও এসেছিল, কিন্তু বাংলাদেশ সেগুলো কাজে লাগাতে পারেনি।
বিশেষ করে দ্বিতীয় ওভারে লং অনে শেফালি ভার্মার ক্যাচের সুযোগ হাতছাড়া হওয়াকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন জ্যোতি। তার মতে, ওই ক্যাচটি ধরা গেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।
তবে দলের লড়াইয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। বোলিং ও ফিল্ডিং নিয়ে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ভারত ভালো ব্যাটিং করেছে। মাঝের ওভারগুলোতে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে রেখেছিল এবং স্পিনাররাও পরিকল্পনা অনুযায়ী বল করেছেন।
জ্যোতির মতে, ভারতকে ১৩০ থেকে ১৩৫ রানের মধ্যে আটকে রাখা সম্ভব ছিল। সেটি করতে পারলে বাংলাদেশের ব্যাটিং ইউনিটের সামনে ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় সেমিফাইনালেই থেমে গেল বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।
-স্বাধীন দিগাস্ত/এস
যেসব অজুহাত জ্যোতির এশিয়া কাপ ব্যর্থতার পর

