আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মার্ক উড
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার মার্ক উড। দীর্ঘদিন ধরে বাম হাঁটুর ইনজুরিতে ভোগার পর চিকিৎসকদের পরামর্শে ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন এই গতিময় বোলার।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন উড।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উড জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পক্ষে আর টেস্ট ও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব নয়। আর সেই কারণেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ১১ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন মার্ক উড। ক্যারিয়ারের পুরোটা সময়ই চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। তবে মাঠে নামলেই নিজের গতির ঝলক দেখিয়েছেন এই পেসার।
ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই উল্লেখযোগ্য অবদান রয়েছে উডের। ৩৮ টেস্টে তার শিকার ১১৯ উইকেট। ওয়ানডেতে ৭০ ম্যাচে নিয়েছেন ৮০ উইকেট। আর টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচ খেলে পেয়েছেন ৫৪ উইকেট।
ইংল্যান্ডের বেশ কিছু বড় সাফল্যের সঙ্গেও জড়িয়ে আছে মার্ক উডের নাম। ২০১৫ সালের অ্যাশেজ সিরিজে ট্রেন্ট ব্রিজ টেস্টে অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেছিলেন তিনি।
এ ছাড়া ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই পেসার।
বিদায়বেলায় নিজের ক্যারিয়ার নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন উড। তিনি বলেন, ‘পরিসংখ্যান হয়তো বলবে না যে আমি ইতিহাসের সেরা বোলার ছিলাম, তবে আমি আশা করি আমার সতীর্থরা মনে রাখবে যে আমি প্রতিবার মাঠে নিজের শতভাগ উজাড় করে দিয়েছিলাম।’
-স্বাধীন/এমএ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মার্ক উড

