আফগানিস্তানকে বিশ্বকাপ জেতানোই রশিদ খানের অপূর্ণ স্বপ্ন

প্রকাশঃ Sep 18, 2026 - 14:46
আফগানিস্তানকে বিশ্বকাপ জেতানোই রশিদ খানের অপূর্ণ স্বপ্ন

আফগান ক্রিকেটের উত্থানের অন্যতম সাক্ষী রশিদ খান। দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে একের পর এক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তবে এত অর্জনের পরও ক্যারিয়ারে একটি আক্ষেপ রয়ে গেছে—আফগানিস্তানকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই অপূর্ণতার কথা জানিয়েছেন রশিদ। বিশেষ করে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠেও ফাইনালে যেতে না পারার আক্ষেপ এখনো তাকে তাড়িয়ে বেড়ায়।

রশিদ বলেন, “একটি বিষয় এখনো অপূর্ণ রয়ে গেছে, আফগানিস্তান দলের হয়ে বিশ্বকাপ জেতা। আমি সেটিই অর্জন করতে চাই। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের দারুণ একটি সুযোগ ছিল। আমরা সেমিফাইনালে উঠেছিলাম, কিন্তু ফাইনালে যেতে পারিনি। তাই যতদিন খেলব, ততদিন একটি আইসিসি ইভেন্টের শিরোপা জয়ের আকাঙ্ক্ষা আমার মধ্যে থাকবে।”

বড় দলকে হারানোতেই বদলে গেছে আফগানিস্তান

আফগানিস্তানের ক্রিকেটে পরিবর্তনের পেছনে বড় দলগুলোর বিপক্ষে পাওয়া জয়গুলোকে গুরুত্বপূর্ণ মনে করেন রশিদ। তার মতে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর মধ্য দিয়েই নতুন আত্মবিশ্বাসের যাত্রা শুরু হয়।

রশিদের ভাষায়, “২০২৩ বিশ্বকাপে আমরা ইংল্যান্ডকে হারিয়েছিলাম। এর আগে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছিলাম। এরপর শ্রীলঙ্কাকে হারিয়েছি, বিশ্বকাপে পাকিস্তানকেও হারিয়েছি। আমার মনে হয়, সেখান থেকেই সবকিছুর শুরু।”

একাধিক বড় দলকে হারানোর অভিজ্ঞতা আফগান ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেও মনে করেন তিনি। বিশেষ করে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাকে দলের মানসিকতায় বড় পরিবর্তনের মুহূর্ত হিসেবে দেখছেন আফগান অধিনায়ক।

তিনি বলেন, “তখন আমাদের মধ্যে এই বিশ্বাস তৈরি হয় যে আমরা এমন একটি পর্যায়ে আছি, যেখানে বড় দলগুলোকে হারাতে পারি। তবে এখন বিষয়টি হলো, আমরা কীভাবে পরিস্থিতি সামলাব এবং কীভাবে এই ধারাবাহিকতা ধরে রাখব।”

অধিনায়কত্ব থেকে যে শিক্ষা পেয়েছেন

দলের নেতৃত্ব দিতে গিয়ে নিজের ওপর অতিরিক্ত চাপ নেওয়ার অভিজ্ঞতাও হয়েছে রশিদের। তার মতে, অধিনায়করা অনেক সময় দলের সব ব্যর্থতা ও দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চান, যা অপ্রয়োজনীয় চাপ তৈরি করে।

রশিদ বলেন, “কখনো কখনো আপনি নিজের ওপর অতিরিক্ত চাপ দিয়ে ফেলেন, যা মোটেও ন্যায্য নয়। একজন অধিনায়ক হিসেবে আপনি সবকিছুর দায় নিজের ওপর নিতে চান। আমার ক্ষেত্রেও এমনটা হয়েছে।”

ফল নয়, প্রক্রিয়ায় মনোযোগ

চাপের মুহূর্তে ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের খেলা, দক্ষতা ও পরিকল্পনায় মনোযোগ দেওয়াকেই কার্যকর কৌশল মনে করেন রশিদ।

তার মতে, “ওই মুহূর্তগুলোতে আপনাকে শুধু শান্ত থাকতে হবে এবং নিজের খেলা, দক্ষতা ও পরিকল্পনার দিকে মনোযোগ দিতে হবে। ফলাফল কী হবে, তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে প্রক্রিয়ার দিকে মনোযোগ দিতে হবে। কীভাবে কাজটা করা হবে, সেটি ভাবতে হবে। যতক্ষণ আপনার মাথায় প্রক্রিয়াটি পরিষ্কার থাকবে, আমার মনে হয় সবকিছু ঠিকঠাক হবে।”

আফগানিস্তানের ক্রিকেট দ্রুত এগিয়ে গেলেও রশিদের চোখ এখন আরও বড় লক্ষ্যে—আইসিসির কোনো একটি শিরোপা জয় করে দেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করা।


-স্বাধীন/এস

আফগানিস্তানকে বিশ্বকাপ জেতানোই রশিদ খানের অপূর্ণ স্বপ্ন
লোগো
Sep 18, 2026

আফগানিস্তানকে বিশ্বকাপ জেতানোই রশিদ খানের অপূর্ণ স্বপ্ন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta