পাকিস্তানের সঙ্গে বৈরিতা, তবু নাকভির সঙ্গে কেন দেখা করলেন সাইকিয়া?

প্রকাশঃ Sep 15, 2026 - 11:42
পাকিস্তানের সঙ্গে বৈরিতা, তবু নাকভির সঙ্গে কেন দেখা করলেন সাইকিয়া?

পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় বৈরিতা যেন থামছেই না। টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ট্রফি ঘিরে তৈরি হয়েছে নাটক। রোববার দুবাইয়ে শিরোপা জেতার পরও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারতীয় মহিলা ক্রিকেট দল।

তবে ম্যাচ চলাকালীন নাকভির সঙ্গে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা ও সম্পাদক দেবজিৎ সাইকিয়ার দেখা হওয়ার দৃশ্য ধরা পড়ে টেলিভিশন ক্যামেরায়। ম্যাচ শেষে খেলোয়াড়দের হ্যান্ডশেকের সময় সম্প্রচারে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রয়্যাল বক্স দেখানো হয়। সেখানে নাকভিকে প্রথমে রাজীব শুক্লার সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। পরে তিনি সাইকিয়ার সঙ্গেও কথা বলেন।

এরপরই বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন সাইকিয়া। মাঠে যখন ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বৈরিতার আবহ, তখন রয়্যাল বক্সে পাকিস্তানের মন্ত্রী নাকভির সঙ্গে কেন তিনি স্বাভাবিকভাবে কথা বললেন—এমন প্রশ্ন ওঠে।

বিষয়টি পরিষ্কার করতে সাইকিয়া জানান, নাকভির সঙ্গে দেখা হওয়াটা ছিল ম্যাচ দিনের স্বাভাবিক রীতি। এর সঙ্গে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই এবং বিসিসিআইয়ের অবস্থানও এতে বদলায়নি।

সাইকিয়ার ভাষায়, টস থেকে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত তিনি রয়্যাল বক্সের বাইরের আসনেই বসেছিলেন। ফলে পুরো ম্যাচজুড়েই সেখানে ছিলেন। তার সঙ্গে যে-ই দেখা করতে এসেছেন, তিনি সবার সঙ্গেই স্বাভাবিকভাবে কথা বলেছেন।

তিনি বলেন, কেউ এসে পাশে বসেছেন, এরপর রাজীব শুক্লাও সেখানে বসেন। পরে নাকভিও এসিসির ডেপুটি চেয়ারম্যান খালিদকে সঙ্গে নিয়ে সেখানে বসেন। তার মতে, এটি ম্যাচের দিনকার স্বাভাবিক রেওয়াজ—কেউ এলে তার সঙ্গে দেখা করা এবং কথা বলা।

তবে মাঠের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের অবস্থান ছিল একেবারেই ভিন্ন। শিরোপা জয়ের পরও ভারতীয় মহিলা দলের খেলোয়াড়রা পুরস্কার অনুষ্ঠানে যোগ দেননি। বিসিসিআই সম্পাদক সাইকিয়া নন্দিনী শর্মাকে ঘরোয়াভাবে সেরা ফিল্ডারের পদক দেওয়ার পরও দল মাঠে ফিরে আসেনি।

এর আগে গত বছর ভারতের পুরুষ দলও নাকভির কাছ থেকে এশিয়া কাপের ট্রফি ও পদক নিতে অস্বীকৃতি জানিয়েছিল। সেবার সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল ট্রফি ছাড়াই মঞ্চে উদযাপন করেছিল। সেই ট্রফি এখনও এসিসির কার্যালয়ে রয়েছে।

এবারও ট্রফি না নেওয়ায় সেই পুরোনো বিতর্কই নতুন করে সামনে এসেছে। তবে নাকভির সঙ্গে সাইকিয়ার সাক্ষাৎ নিয়ে ওঠা প্রশ্নের জবাবে বিসিসিআইয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ব্যক্তিগত সৌজন্য সাক্ষাতের সঙ্গে ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তকে এক করে দেখার সুযোগ নেই।

-স্বাধীন/এস

পাকিস্তানের সঙ্গে বৈরিতা, তবু নাকভির সঙ্গে কেন দেখা করলেন সাইকিয়া?
লোগো
Sep 15, 2026

পাকিস্তানের সঙ্গে বৈরিতা, তবু নাকভির সঙ্গে কেন দেখা করলেন সাইকিয়া?

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta