তদন্ত প্রতিবেদন

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

প্রকাশঃ Sep 15, 2026 - 18:29
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ ক্রিকেট দল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে যায়নি বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

বিশ্বকাপে বাংলাদেশ দলের না যাওয়ার কারণ অনুসন্ধানে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বিশ্বকাপ না খেলার জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং সে সময়ের সরকারকে দায়ী করা হয়েছে।

গত মার্চে জাতীয় ক্রীড়া পরিষদ এই তদন্ত কমিটি গঠন করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. একে এম ওলি উল্যার নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা, সংবাদমাধ্যমের প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে তারা মনে করছেন, বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার জন্য মূলত তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দায়ী।

তিনি বলেন, ‘বাংলাদেশের অবশ্যই বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল।’

২২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ১২ জনের সাক্ষাৎকার নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তাদের বক্তব্যও প্রতিবেদনে সংক্ষেপে তুলে ধরা হয়েছে।

সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্রিকেট অঙ্গন থেকে আরও কথা বলা হয়েছে সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল খান, বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় দলের কোচ ও সে সময়ের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং তৎকালীন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনের সঙ্গে।

এ ছাড়া যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের সঙ্গেও কথা বলেছে তদন্ত কমিটি।

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি রেদুয়ানুজ্জামান ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদের সাক্ষাৎকার নেওয়া হয়।

তবে পুরো ঘটনার আলোচনার কেন্দ্রে থাকা সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং সে সময়ের বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

উল্লেখ্য, আইপিএলে রেকর্ড মূল্যে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়ার পরও নিরাপত্তাজনিত কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এ ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিয়ে তখন ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল।

এরপর একই ধরনের নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করে। বাংলাদেশ পাকিস্তানের মতো সংযুক্ত আরব আমিরাতে গিয়ে বিশ্বকাপ খেলার প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। ফলে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়।

-স্বাধীন/এমএ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ
লোগো
Sep 15, 2026

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta