আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর মাঠে দেখা যাবে না লিওনেল মেসিকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি।
নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে ৩৯ বছর বয়সী মেসি বলেন, অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মেসি লেখেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর এতটা সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে আমি আপনাদের সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’
নিজের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে আবেগঘন মেসি আরও বলেন, ‘সিদ্ধান্তটি মেনে নেওয়া আমার আত্মার জন্য তখনো অনেক কষ্টের ছিল, এখনো কষ্ট দিচ্ছে। তবে আমি বুঝতে পারছি, এটাই উপযুক্ত সময়।’
জাতীয় দলের জার্সির প্রতি নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরে মেসি বলেন, ‘আমি সব সময় আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। শুধু শেষ কয়েক বছর নয়, যখন আমরা সবকিছু জিতেছি, বরং শুরু থেকেই এই জার্সির জন্য লড়াই করেছি। চেয়েছি ফুটবল দিয়ে আপনাদের আনন্দ দিতে এবং আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে।’
মেসি আরও লেখেন, ‘সময় খুব বেশি বাকি নেই। একের পর এক অধ্যায় শেষ হয়ে আসছে। আর এই অধ্যায়টি শেষ হওয়া আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। জাতীয় দলের হয়ে খেলতে আমি ভালোবেসেছি, ভালোবেসে যাব। আমি আমার সবটুকু নিংড়ে দিয়েছি, আর দেওয়ার মতো কিছু বাকি নেই।’
দলে উঠে আসা নতুন প্রজন্মের প্রশংসা করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘অনেক তরুণ ও অসাধারণ খেলোয়াড় উঠে আসছে, যারা জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ার যোগ্য।’
গত দুই দশকের সমর্থনের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি লেখেন, ‘গত ২০ বছরের ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। দলের ভেতর থেকে আপনাদের গর্জন শুনতে পাওয়াটা আমি খুব মিস করব।’
তিনি আরও বলেন, ‘এখন থেকে আমি আপনাদের মতোই একজন হয়ে বাইরে থেকে সব সময় দলকে সমর্থন ও উৎসাহ জুগিয়ে যাব—ভালো সময়ে তো বটেই, খারাপ সময়ে আরও বেশি।’
পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসি। তিনি বলেন, ‘আমার পরিবারকে সব সময় পাশে থাকার জন্য এবং এই সুন্দর কিন্তু কঠিন যাত্রায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার প্রতিটি কোচ, সতীর্থ এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি, যাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। অগণিত স্মৃতি ও স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে যাচ্ছি।’
শেষে আবেগঘন বার্তায় মেসি বলেন, ‘নিজের শান্তিময় মন এবং গর্ব নিয়ে বিদায় নিচ্ছি যে, সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সঙ্গে এই সময়টা কাটানো দারুণ এক অনুভূতি ছিল। আমি আপনাদের ভালোবাসি!’
‘আমাকে আর্জেন্টাইন হিসেবে সৃষ্টি করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এগিয়ে যাও আর্জেন্টিনা।’
-স্বাধীন/এমএ
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

