এসএ টোয়েন্টিতে প্রথম বাংলাদেশী হিসেবে খেলবেন রিশাদ
বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন এবার খেলবেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি। ২০২৬-২৭ মৌসুমের জন্য সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে দুইবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ।
এর মাধ্যমে এসএ টোয়েন্টিতে অভিষেক হতে যাচ্ছে রিশাদের। একই সঙ্গে তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে মাঠে নামার কীর্তি গড়তে যাচ্ছেন। যদিও গত মৌসুমে তাইজুল ইসলাম একটি দলের সঙ্গে যুক্ত হলেও শেষ পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
রিশাদের দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। একই সঙ্গে সরাসরি চুক্তিতে দলটি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকেও দলে নিয়েছে। দলটির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই সুযোগ পেয়েছেন ২৪ বছর বয়সী রিশাদ। চলতি বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ১২ উইকেট শিকার করেন তিনি।
এরপর বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে ১১ ইনিংসে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনারদের একজন ছিলেন। সে সময় বিগ ব্যাশে অংশ নেওয়ার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেননি তিনি।
এসএ টোয়েন্টির নতুন মৌসুম শুরু হবে আগামী ৯ জানুয়ারি, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। একই সময়ে বিপিএল আয়োজনেরও সম্ভাবনা রয়েছে। ফলে এসএ টোয়েন্টিতে অংশ নিলে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল মিস করতে পারেন রিশাদ।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বিশ্বের জনপ্রিয় তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ—পিএসএল, বিগ ব্যাশ ও এসএ টোয়েন্টি—তে সুযোগ পাওয়া রিশাদ হোসেনের ক্যারিয়ারে এটি আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
-স্বাধীন দিগন্ত/ এমএ
এসএ টোয়েন্টিতে প্রথম বাংলাদেশী হিসেবে খেলবেন রিশাদ

