নারী-শিশু নির্যাতন রুখতে মাঠে থাকবে মহিলা দল: রিজভী

প্রকাশঃ Sep 12, 2026 - 12:29
নারী-শিশু নির্যাতন রুখতে মাঠে থাকবে মহিলা দল: রিজভী

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক ব্যাধি দূর করতে জাতীয়তাবাদী মহিলা দলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব অপরাধ নির্মূলে সংগঠনটি কাজ করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত হলো শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা। নারীদের শিক্ষিত করার পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তুলতে হবে। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও নানা ত্যাগের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল নিজেদের অবস্থান তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

মহিলা দলের নেত্রীদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই উল্লেখ করে রিজভী বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও নারীরা পুরুষদের মতোই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে হবে। নারীদের জন্য প্রস্তাবিত ফ্যামিলি কার্ডকে তিনি নারী ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

রিজভীর ভাষায়, নারীর সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। তিনি আরও বলেন, প্রত্যেকেই সংসদ সদস্য বা মন্ত্রী হবেন—এমন নয়; তবে সংগঠনের নেতাকর্মীদের মধ্য থেকেই ভবিষ্যতে অনেকেই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তাই নেতৃত্বের অংশ হিসেবেই নিজেদের প্রস্তুত করতে হবে।

বক্তব্যের শেষদিকে অতীতে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের ভূমিকার কথা তুলে ধরেন রিজভী। একই সঙ্গে তারেক রহমানের জনকল্যাণমুখী ও নারী-কেন্দ্রিক কর্মসূচি বাস্তবায়নেও মহিলা দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

-স্বাধীন দিগাস্ত/এস

নারী-শিশু নির্যাতন রুখতে মাঠে থাকবে মহিলা দল: রিজভী
লোগো
Sep 12, 2026

নারী-শিশু নির্যাতন রুখতে মাঠে থাকবে মহিলা দল: রিজভী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta