ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট

প্রকাশঃ Sep 11, 2026 - 15:20
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট

১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে পৌঁছালে ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান।

ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টসহ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পেজেশকিয়ান। খবর মেহের নিউজ এজেন্সির।

নয়াদিল্লির উদ্দেশে তেহরান ছাড়ার আগে ইরানের প্রেসিডেন্ট বলেন, একতরফাবাদ মোকাবিলা এবং অর্থনৈতিক, বাণিজ্যিক, শিল্প ও বৈজ্ঞানিক সহযোগিতা বাড়াতে ব্রিকসের যথেষ্ট সক্ষমতা রয়েছে।

সফরকালে পেজেশকিয়ান ব্রিকস নেতাদের মূল বৈঠকে বক্তব্য দেবেন। পাশাপাশি ব্রিকস ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নেবেন তিনি। অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা ও বহুপাক্ষিকতা শক্তিশালী করার বিষয়ে ব্রিকস নেতাদের একটি রুদ্ধদ্বার বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

ভারত সফরকে ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন পেজেশকিয়ান। তেহরান ছাড়ার আগে তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ করা সম্ভব।

ইরানের প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ব্রিকসের সদস্যসংখ্যা ২১। এর মধ্যে ১১টি পূর্ণ সদস্য এবং নতুন ১০ সদস্যকে ‘ব্রিকস প্লাস’ হিসেবে অভিহিত করা হয়।

-স্বাধীন দিগাস্ত/এস

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট
লোগো
Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta