হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের পাঁচ দিনের সময়সীমা
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নিজেদের শর্ত মেনে নেওয়ার জন্য পাঁচ দিনের সময়সীমা দিয়েছে ইরান। শর্ত পূরণ না হলে প্রণালিটি বন্ধই থাকবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রেজাই বলেন, জাতিসংঘের বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন এসব শর্ত মেনে না নিলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। একই সঙ্গে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেও বসবে না ইরান।
আলোচনার আগে আস্থা ফেরানোর দাবি
মোহসেন রেজাই বলেন, হরমুজ প্রণালি আলোচনার ক্ষেত্রে একটি ‘নিশ্চয়তা’ হিসেবে কাজ করছে। আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আবারও আস্থা তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, ইরান আগের কূটনৈতিক অবস্থানে ফিরে যাবে না। একই সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারকের আগের শর্তও আর গ্রহণ করবে না তেহরান।
এক বিবৃতিতে রেজাই বলেন, “আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যে নতুন কূটনৈতিক পথ বেছে নিয়েছি, তা পূর্ণ শক্তিতে এগিয়ে যাবে।”
ইরানের জনগণের আস্থা অর্জন করতে হলে যুক্তরাষ্ট্রকে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি
এদিকে ইরানের বিমান চলাচল বন্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করেছেন মোহসেন রেজাই।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিমানকে নিজেদের বিমানবন্দর ব্যবহারের সুযোগ না দিলে এসব দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হওয়ায় ইরানের এই অবস্থান আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: সামা টিভি
-স্বাধীন/এস
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের পাঁচ দিনের সময়সীমা

