হরমুজ প্রণালি চালু করতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রের সামনে সাতটি শর্ত দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, এসব শর্ত অনুমোদন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ থাকবে।
ইরানের বিভিন্ন গণমাধ্যম আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদনের পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে শর্তগুলো পাঠানো হয়েছে।
সূত্রের দাবি, সম্প্রতি ইরান ও ওমানের মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটিকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা যাবে না। প্রণালিটি কখন খুলবে, তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ এবং পরিস্থিতি নিয়ে ইরানের মূল্যায়নের ওপর।
ইরান-ওমানের নতুন নৌপথের সমঝোতা
হরমুজ প্রণালির বিকল্প হিসেবে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো।
প্রস্তাবিত নৌপথটি পুরোপুরি ইরানের জলসীমার ভেতর দিয়ে পরিচালিত হবে এবং এর নিয়ন্ত্রণও থাকবে তেহরানের হাতে। সোমবার ওমানে অনুষ্ঠিতব্য বৈঠকে উপসাগরীয় দেশগুলোকে এ বিষয়ে অবহিত করা হতে পারে।
তবে ইরান পরিষ্কারভাবে জানিয়েছে, ওমানের সঙ্গে এই সমঝোতার অর্থ হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া নয়।
ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। উপসাগরীয় দেশগুলোর বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে পরিবহনের ক্ষেত্রে এই নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এরই মধ্যে রোববার ভোরে ইরানের দক্ষিণ উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, হেংগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের কাছে ভোর ৫টার দিকে ওই ঘটনা ঘটে। কেশমের গভর্নর আমির তাইমুরি দাবি করেছেন, হামলাটি যুক্তরাষ্ট্র চালিয়েছে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
তবে হামলার শিকার জাহাজটির পরিচয় এবং ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলরত আরও একটি জাহাজ অজ্ঞাত একটি অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
একই সময়ে ঘটে যাওয়া এসব ঘটনা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতের প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলতে পারে।
-স্বাধীন/এমএ
হরমুজ প্রণালি চালু করতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান

