সৌদি আরবের বিমানঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

প্রকাশঃ Sep 14, 2026 - 20:26
সৌদি আরবের বিমানঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন। খবর আনাদোলু এজেন্সির।

এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, কিং খালিদ বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। এসব হামলায় উড়োজাহাজের হ্যাঙ্গার, রাডার, রানওয়ে, গোলাবারুদের গুদামসহ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।

হামলায় বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন হুতিদের এই মুখপাত্র। তবে হুতিদের এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য জানায়নি।

হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। গত পাঁচ দিনে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে সৌদি এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান দিয়ে ৩০০টির বেশি হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।

এদিকে খামিস মুশাইত গভর্নরেটে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সতর্কতা জারি করে। পরে তারা জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং বিপদ কেটে গেছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার পাশাপাশি ঘটনাস্থলে ভিড় করে ছবি বা ভিডিও ধারণ না করার আহ্বান জানানো হয়েছে।

ইয়েমেনে সৌদি সামরিক অভিযান অব্যাহত থাকলে সৌদি ভূখণ্ডে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুতিরা। ভবিষ্যতে হামলা হলে তা আরও বড় পরিসরে ও ভয়াবহভাবে চালানো হবে বলেও সতর্ক করেছে গোষ্ঠীটি।

সৌদি আরব ও হুতিদের মধ্যে সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি হামলা বেড়ে যাওয়ার মধ্যেই নতুন করে এই হামলার দাবি সামনে এলো। সৌদি আরব ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা বাড়িয়েছে। এর জবাবে হুতিরা সৌদির দক্ষিণাঞ্চলীয় শহর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান লক্ষ্য করে হুতিদের চালানো হামলায় ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এসব হামলার সময় সৌদির কয়েকটি জ্বালানি স্থাপনায় আগুন লাগার পাশাপাশি সাময়িকভাবে কার্যক্রম ব্যাহত হওয়ার ঘটনাও ঘটে।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে হুতিরা। এরপর এক দশকেরও বেশি সময় ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে গোষ্ঠীটির সংঘাত চলে আসছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

-স্বাধীন/এমএ

সৌদি আরবের বিমানঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
লোগো
Sep 14, 2026

সৌদি আরবের বিমানঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta