হুতিদের দাবি:

ইয়েমেনে এক দিনে ৩৭ বিমান হামলা চালিয়েছে সৌদি আরব

প্রকাশঃ Sep 18, 2026 - 16:16
ইয়েমেনে এক দিনে ৩৭ বিমান হামলা চালিয়েছে সৌদি আরব

ইয়েমেনের মারিব ও আল-জাওফ প্রদেশে ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরবের যুদ্ধবিমান ৩৭ দফা হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতিরা। এসব হামলায় কয়েকজন ইয়েমেনি বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

শুক্রবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন বলে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। ইয়াহিয়া সারির দাবি, সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা যুদ্ধবিমান মারিব ও আল-জাওফের বিভিন্ন এলাকায় এসব হামলা চালায়।

এদিকে আনসারুল্লাহ নেতা সৈয়্যদ আবদুল-মালিক আল-হুতি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধান ও ইসরায়েলের উসকানিতে সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন ও অবরোধ অব্যাহত রেখেছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের বিরুদ্ধে ইয়েমেনের জনগণ প্রতিরোধ চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

আল-হুতির ভাষ্য, উত্তেজনা কিছুটা কমে এলেও সৌদি আরব ইয়েমেনকে দুর্বল ও বিপর্যস্ত করার প্রচেষ্টা চালিয়ে গেছে। তিনি দাবি করেন, ইয়েমেন কখনো যুদ্ধ শুরু করেনি; বরং তারা আত্মরক্ষার অবস্থানে রয়েছে। সানার বিমানবন্দরে সৌদি বিমান হামলার মধ্য দিয়েই সর্বশেষ উত্তেজনার সূত্রপাত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

গত ১২ বছরের সংঘাতে সৌদি বাহিনী বাজার, বসতবাড়ি, হাসপাতাল ও স্কুলসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং এতে হাজারো নারী ও শিশু নিহত হয়েছে বলে অভিযোগ করেন আনসারুল্লাহ নেতা।

তিনি আরও অভিযোগ করেন, ইয়েমেনিদের অধিকার ও স্বাধীনতা দমনের পাশাপাশি দেশটির নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে সৌদি নেতৃত্ব।

আল-হুতি বলেন, ইয়েমেনের জনগণ তাদের অধিকার থেকে সরে যায়নি এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখবে। তার দাবি, হুতিদের পাল্টা হামলার লক্ষ্য ছিল কেবল সৌদি সামরিক ঘাঁটি ও তেল স্থাপনা।

এদিকে মক্কায় হামলা চালানোর সৌদি অভিযোগকে ‘বড়, কুৎসিত ও জঘন্য মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেন আল-হুতি। তার অভিযোগ, আঞ্চলিক অন্যান্য পক্ষকে সংঘাতে জড়িয়ে ফেলতে সৌদি আরব সরাসরি সংঘাতের পরিবেশ তৈরি করছে।

মক্কার পবিত্র মর্যাদাকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের হাতিয়ার হিসেবে ব্যবহার না করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান আনসারুল্লাহ নেতা।

-স্বাধীন/এমএ

ইয়েমেনে এক দিনে ৩৭ বিমান হামলা চালিয়েছে সৌদি আরব
লোগো
Sep 18, 2026

ইয়েমেনে এক দিনে ৩৭ বিমান হামলা চালিয়েছে সৌদি আরব

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta