দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউন শহরে পৃথক বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। পুলিশ জানিয়েছে, দুটি হামলাই স্থানীয় বিনোদনকেন্দ্র ও পানশালায় (বার) হয়েছে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস (এসএপিএস) জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলের একটি বারে একদল অস্ত্রধারী ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের হাতে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল। এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত এবং আরও ১৫ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গুলি চালানোর পর হামলাকারীরা কয়েকজন ক্রেতার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে দুটি গাড়িতে করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
একই রাতে কেপটাউনের ল্যান্ডল এলাকার একটি বিনোদনকেন্দ্রেও বন্দুক হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১টা ৪৬ মিনিটের দিকে চালানো ওই হামলায় ১০ জন নিহত এবং ১১ জন আহত হন। নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গ ও কেপটাউনের দুই হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
-স্বাধীন/এমএ
দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭

