অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ

প্রকাশঃ Sep 7, 2026 - 22:00
অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ

অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্কুলে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা সোমবার প্রথমবারের মতো কার্যকর হচ্ছে। নতুন শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে সঙ্গে রাজধানী ভিয়েনাসহ দেশটির কয়েকটি রাজ্যের স্কুলে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

তবে সরকারের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে দেশটির প্রধান মুসলিম সংগঠনসহ বিভিন্ন গোষ্ঠী। তাদের দাবি, এই নিষেধাজ্ঞা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক এবং এটি ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে। একই সঙ্গে আইনটি আদালতে চ্যালেঞ্জ করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

অস্ট্রিয়ার তিনটি মধ্যপন্থী দলের জোট সরকার স্কুলে হিজাব নিষিদ্ধ করার প্রস্তাব দেয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মেয়েদের স্বাধীনতা, সমতা ও অধিকার সুরক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ডিসেম্বর অস্ট্রিয়ার পার্লামেন্টে আইনটি পাস হয়। এতে ডানপন্থী ফ্রিডম পার্টি সমর্থন দিলেও একমাত্র বামপন্থী গ্রিনস পার্টি এর বিরোধিতা করে।

অস্ট্রিয়ার মুসলিমদের আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিত্বকারী সংগঠন ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া জানিয়েছে, তারা আইনটিকে দেশটির সাংবিধানিক আদালতে চ্যালেঞ্জ করবে। সংগঠনটির মতে, এই নিষেধাজ্ঞা মুসলিম শিক্ষার্থীদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে।

এর আগে ২০২০ সালে অস্ট্রিয়ার সাংবিধানিক আদালত ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য জারি করা একই ধরনের একটি হিজাব নিষেধাজ্ঞা বাতিল করেছিল। আদালত তখন বলেছিল, ওই আইন মুসলিমদের প্রতি বৈষম্যমূলক ছিল। পাশাপাশি ধর্মীয় বিষয়ে রাষ্ট্রকে নিরপেক্ষ থাকার নীতিও তুলে ধরেছিল আদালত। এ নীতির ব্যতিক্রম করতে হলে বিশেষ ও যথেষ্ট কারণ দেখাতে হবে বলেও আদালত মন্তব্য করেছিল।

এদিকে নতুন আইনকে কেন্দ্র করে বামপন্থী শিক্ষার্থী সংগঠনগুলো প্রতিবাদ ও বিক্ষোভের ডাক দিয়েছে। অস্ট্রিয়ার নয়টি রাজ্যের মধ্যে পূর্বাঞ্চলের ভিয়েনা, লোয়ার অস্ট্রিয়া ও বুর্গেনল্যান্ডে সোমবার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। দেশটির অন্যান্য রাজ্যে আগামী সপ্তাহে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে।

নতুন আইনে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী নিষেধাজ্ঞা অমান্য করে হিজাব পরলে প্রথমে স্কুল কর্তৃপক্ষ তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে। এরপরও নিয়ম না মানলে ওই শিক্ষার্থীকে ১৫০ থেকে সর্বোচ্চ ৮০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে।
ফলে নতুন এই আইন কার্যকর হওয়ার পর অস্ট্রিয়ায় একদিকে যেমন শিশুদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে সাংবিধানিক আদালতে আইনটির বৈধতা নিয়েও গুরুত্বপূর্ণ আইনি লড়াই শুরু হতে পারে।


-স্বাধীন/ এস

অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ
লোগো
Sep 7, 2026

অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta