ইয়েমেনে এক সপ্তাহে নতুন করে বাস্তুচ্যুত ১৬ হাজার মানুষ
ইয়েমেনের পশ্চিম উপকূল ও দক্ষিণাঞ্চলে নিরাপত্তাহীনতা ও সংঘাত অব্যাহত থাকায় গত এক সপ্তাহে নতুন করে প্রায় ১৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি জানায়, জুনে পশ্চিম উপকূলে সংঘাত তীব্র হওয়ার পর থেকে ইয়েমেনের আটটি প্রদেশে ১ লাখ ৪৫ হাজার ৩০৮ জন, অর্থাৎ ২৪ হাজার ২১৮টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
এর মধ্যে ২১ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র এক সপ্তাহেই নতুন করে ঘরছাড়া হয়েছেন ১৫ হাজার ৮৭০ জন, যা মোট বাস্তুচ্যুত মানুষের ১২ শতাংশেরও বেশি।
‘প্রতি সপ্তাহেই হাজার হাজার মানুষ ঘর ছাড়ছেন’
ইয়েমেনে আইওএমের মিশনপ্রধান আবদুসাত্তর এসোয়েভ বলেন, প্রতি সপ্তাহেই এমন হাজার হাজার মানুষের তথ্য পাওয়া যাচ্ছে, যারা সবকিছু পেছনে ফেলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
তিনি বলেন, এই পরিসংখ্যানের পেছনে রয়েছে সন্তানদের নিরাপদ রাখতে ছুটে চলা বাবা-মা, দূরে যেতে অক্ষম বয়স্ক মানুষ এবং সীমিত সম্পদের পরিবারগুলো। তাদের জরুরি সহায়তা প্রয়োজন। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যে গতিতে বাড়ছে, সেই গতির সঙ্গে তাল মিলিয়ে মানবিক সহায়তা কার্যক্রমও দ্রুত বাড়াতে হবে।
তাইজে সবচেয়ে বেশি বাস্তুচ্যুত
আইওএমের তথ্য অনুযায়ী, ইয়েমেনে সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হয়েছে তাইজ প্রদেশে। সেখানে ৮১ হাজার ৪৪৪ জন ঘরছাড়া মানুষ রয়েছেন, যা দেশের মোট বাস্তুচ্যুত মানুষের অর্ধেকেরও বেশি।
শুধু গত এক সপ্তাহেই তাইজে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ৮ হাজার বেড়েছে।
অন্যান্য প্রদেশে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা হলো—
লাহজ: ৩৪ হাজার ৮৬০ জন
এডেন: ১২ হাজার ৪৫৬ জন
আল-হুদায়দা: ৮ হাজার ২৪৪ জন
আবিয়ান: ৫ হাজার ৫৬৮ জন
হাদরামাউত: ১ হাজার ৯৭৪ জন
মারিব: ৭৫০ জন
আল-মাহরা: ১২ জন
তবে গত এক সপ্তাহে সবচেয়ে বেশি নতুন বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েছে এডেনে। সেখানে নতুন করে ৩ হাজার ৫১০ জন ঘরছাড়া হয়েছেন, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।
স্থানীয়দের ওপরও বাড়ছে চাপ
আইওএম জানিয়েছে, তাইজ, লাহজ ও এডেনের স্থানীয় বাসিন্দারা সংঘাত থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দিয়েছেন। তবে এত বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের প্রয়োজন শুধু স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় পূরণ করা সম্ভব নয়।
বাস্তুচ্যুত পরিবারগুলোর জরুরি ভিত্তিতে আশ্রয়, খাবার ও নিরাপত্তা প্রয়োজন। একই সঙ্গে যেসব এলাকার মানুষ তাদের আশ্রয় দিচ্ছেন, সেই স্থানীয় জনগোষ্ঠীরও সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে আইওএম।
সংস্থাটি বেসামরিক মানুষ ও মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত পরিবার ও তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর কাছে নিরাপদ ও বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
আইওএম সতর্ক করে বলেছে, ইয়েমেনের পরিস্থিতি অস্থিতিশীল থাকলে আগামী দিনগুলোতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্র: আনাদোলু
-স্বাধীন/এস
ইয়েমেনে এক সপ্তাহে নতুন করে বাস্তুচ্যুত ১৬ হাজার মানুষ

