ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান নিউজ এ তথ্য জানিয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন ওমিদ বেহজাদ ও পুরিয়া সাফভাত। ইরানের অভিযোগ, তারা ইসরায়েলের কাছে দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য সরবরাহ করেছিলেন।
ইরানি কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক ১২ দিন ও ৪০ দিনের সংঘাতে ওই তথ্য ব্যবহার করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরের শুরুতে একটি কথিত গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করে ইরান। ওই অভিযানে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য বিদেশে পাচারের অভিযোগ আনা হয়।
দীর্ঘদিন ধরেই ইরান অভিযোগ করে আসছে, দেশটিতে পরিচালিত বিভিন্ন গুপ্তচরবৃত্তির কর্মকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে।
সূত্র: শাফাক নিউজ
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান

