আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জন নিহত, আহত ৫৪

প্রকাশঃ Aug 27, 2026 - 19:14
আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জন নিহত, আহত ৫৪

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪ জন। আগুনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার কয়েক ডজন পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

গত বুধবার (২৬ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ এ তথ্য জানান। তিনি বলেন, জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়া প্রদেশে চারজন এবং তিজি ওজু প্রদেশে তিনজন প্রাণ হারিয়েছেন।

এদিন বেজাইয়া প্রদেশের একটি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে দগ্ধ ৫৪ জনের চিকিৎসা চলছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সায়ুদ জানান, বুধবার দেশটির সিভিল প্রোটেকশন দল মোট ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে শুধু বেজাইয়া প্রদেশেই ৩৬টি আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে ১৮টি ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি ওজু এবং তেবেসা প্রদেশের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বেজাইয়ার ১৮টি এলাকায় এখনো আগুন জ্বলছে। পাশাপাশি জিজেল প্রদেশের ১২টি পৌরসভায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দাবানল থেকে রক্ষা পেতে বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে অনেক বাসিন্দা একটি পোস্ট অফিসে আশ্রয় নিয়েছেন।

এদিকে আলজেরিয়া ও প্রতিবেশী তিউনিসিয়ায় বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে। গরম ও শুষ্ক আবহাওয়ার পাশাপাশি প্রবল বাতাসের কারণে দেশ দুটিতে দাবানলের ঝুঁকি বেড়েছে।

আলজেরিয়ায় প্রতি বছর গ্রীষ্মকালে বড় ধরনের দাবানল দেখা যায়। সাম্প্রতিক বছরগুলোতে তীব্র তাপমাত্রা, দীর্ঘস্থায়ী খরা ও শক্তিশালী বাতাসের কারণে এসব দাবানল আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

সূত্র: আল জাজিরা

-স্বাধীন/ এমএ

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জন নিহত, আহত ৫৪
লোগো
Aug 27, 2026

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জন নিহত, আহত ৫৪

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta