ট্রাম্প প্রশাসনে ২ লাখ ৫০ হাজারের বেশি মার্কিন ভিসা বাতিল

প্রকাশঃ Oct 1, 2026 - 18:01
ট্রাম্প প্রশাসনে ২ লাখ ৫০ হাজারের বেশি মার্কিন ভিসা বাতিল

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র ২ লাখ ৫০ হাজারের বেশি ভিসা বাতিল করেছে। একই সময়ে দেশটিতে ভিসা যাচাই-বাছাই আরও কঠোর করার পাশাপাশি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, ভিসার শর্ত লঙ্ঘন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো, যুক্তরাষ্ট্র বা মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান, প্রতারণা, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ভিসা বাতিল করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অধীনে এখন পর্যন্ত ২ লাখ ৫০ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে। তাঁর ভাষ্য, মার্কিন জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, ভিসা পাওয়া কোনো অধিকার নয়; এটি একটি সুযোগ। কমিউনিটির নিরাপত্তার জন্য যারা হুমকি তৈরি করতে পারেন, তাদের বিষয়ে যাচাই-বাছাই অব্যাহত থাকবে।

বার্থ ট্যুরিজমের ভিসাও বাতিল

বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ২ হাজার ৩০০টি বার্থ ট্যুরিজমের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

বার্থ ট্যুরিজম বলতে এমন একটি প্রবণতাকে বোঝানো হয়, যেখানে বিদেশি গর্ভবতী নারীরা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুর নাগরিকত্বের সুযোগকে কেন্দ্র করে এ ধরনের ভ্রমণ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে।

এ ছাড়া দুর্নীতির অভিযোগে বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর ও পেরুর ২৭ জন বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যদের ভিসাও বাতিল করা হয়েছে।

আশ্রয় আবেদনকারীদের নিয়েও কঠোরতা

মার্কিন প্রশাসন চলতি বছরের গ্রীষ্মে প্রায় ২ লাখ বিদেশির বি-১ ও বি-২ ব্যবসায়িক ও পর্যটন ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু করে। এসব ব্যক্তির অনেকে পরবর্তীতে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছিলেন।

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগ তুলে বলেন, এর ফলে আইনি ব্যবস্থার সুযোগের অপব্যবহার হচ্ছে এবং বিচারপ্রক্রিয়ায় মামলার চাপ বাড়ছে।

এর আগে গত আগস্টে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছিল। তখন হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধসহ বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা বাতিলের কথা জানানো হয়।

মার্কিন প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপগুলো থেকে দেশটির ভিসা যাচাই-বাছাই ও অভিবাসন নীতিতে আরও কঠোরতার প্রবণতা স্পষ্ট হচ্ছে।

সূত্র: ফক্স নিউজ।

-স্বাধীন/এস

ট্রাম্প প্রশাসনে ২ লাখ ৫০ হাজারের বেশি মার্কিন ভিসা বাতিল
লোগো
Oct 1, 2026

ট্রাম্প প্রশাসনে ২ লাখ ৫০ হাজারের বেশি মার্কিন ভিসা বাতিল

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta