ভারতে ভেজাল মদ পান করে ১৯ জনের মৃত্যু
ভারতের নাগাল্যান্ডে বিষাক্ত বা ভেজাল মদপানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তের পাশাপাশি ভেজাল মদের উৎস ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে নাগাল্যান্ডে মদ নিষিদ্ধ আইন কার্যকর রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্দেহভাজন অবৈধ মদ পান করে মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জন মারা গেছেন।
সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভেসুপ্রা কেজো শনিবার জানান, অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে বিশেষ তদন্ত দলটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, মৃত্যুর কারণ অনুসন্ধানের পাশাপাশি সন্দেহভাজন ভেজাল মদের উৎস এবং সরবরাহ চক্র শনাক্ত করাও তদন্ত দলের অন্যতম দায়িত্ব।
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মদের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। কেজো জানান, তদন্তে কিছু সূত্র পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানোর মতো পর্যায় এখনো আসেনি।
ঘটনার পর অবৈধ মদের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসব অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়েছে।
এদিকে পুলিশ সাধারণ মানুষকে অজ্ঞাত, লেবেলবিহীন কিংবা সন্দেহভাজন অবৈধ মদ পান না করার পরামর্শ দিয়েছে। মদ পানের পর মাথা ঘোরা, ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
-স্বাধীন/এমএ
ভারতে ভেজাল মদ পান করে ১৯ জনের মৃত্যু

