নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, এখনও নিখোঁজ ৪ হাজারের বেশি

প্রকাশঃ Aug 31, 2026 - 15:24
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, এখনও নিখোঁজ ৪ হাজারের বেশি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৯০৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২৪৭ জন। নিখোঁজদের মধ্যে ৩২০ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে।

বন্যার পর উদ্ধার অভিযান সোমবার পঞ্চম দিনে গড়িয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কাদামাটির পুরু স্তরের নিচে এখনও বহু মরদেহ চাপা পড়ে থাকতে পারে। সেগুলো উদ্ধার করতে আরও সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আকস্মিক বন্যায় নেপালের আটটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চিতোয়ান থেকে ২৭২টি, নওয়ালপারসি পূর্ব থেকে ২০৭টি, নওয়ালপারসি পশ্চিম থেকে ১৫১টি এবং গোর্খা জেলা থেকে ৬২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া নুয়াকোটে ৯৫টি, ধাদিঙে ৫৫টি, তানাহুতে ৩৭টি এবং রাসুয়ায় ২৪টি মরদেহ পাওয়া গেছে। বুধবার সকালে রাসুয়ার ভোটেকোশি নদীতে হঠাৎ বানের সৃষ্টি হয়। প্রবল স্রোতের সঙ্গে কাদা ও পানি লোকালয়ের ওপর দিয়ে বয়ে গিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। স্রোতের টানে অনেক মরদেহ ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ভেসে যাওয়ায় উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়েছে।

মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও পরিচয় শনাক্ত করতে সমস্যায় পড়ছেন কর্মকর্তারা। বেশিরভাগ মরদেহের অবস্থা এমন যে, দেখে পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ফলে ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হচ্ছে।

এদিকে, নেপালের বিভিন্ন মর্গে মরদেহ রাখার জায়গাও সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত মরদেহ সংরক্ষণের জন্য অস্থায়ীভাবে কয়েকটি ভবন ব্যবহার করা হচ্ছে। তবে দীর্ঘ সময় মরদেহ সংরক্ষণের মতো পর্যাপ্ত অবকাঠামো সেখানে নেই। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর মরদেহগুলো গণকবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।

নেপালের সীমান্তের ওপারে তিব্বতেও বুধবার ভয়াবহ বন্যার প্রভাব পড়ে। চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিব্বতে এই দুর্যোগে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৭ জন এখনও নিখোঁজ। নিখোঁজদের মধ্যে ৪৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে রবিবার জানিয়েছিল বেইজিং। ধারণা করা হচ্ছে, ওই ৪৯ জনই তামিলনাড়ুর বাসিন্দা।

সোমবার তামিলনাড়ুর একটি ভ্রমণ সংস্থা জানিয়েছে, তাদের ৪৯ জনের একটি পর্যটক দল কৈলাস-মানস সরোবর ভ্রমণে গিয়েছিল। বুধবারের বিপর্যয়ের পর থেকে দলটির কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ছাড়া কলকাতার একটি পর্যটক দলও নেপালে নিখোঁজ রয়েছে। ওই দলে ছিলেন ৩২ জন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের অন্তত ৩৭ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে নিখোঁজ ভারতীয়দের সবাই পর্যটক নন। কয়েকজন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন। পাশাপাশি, বন্যার পর থেকে নেপালের বেশ কয়েকজন সেনা সদস্য ও পুলিশ কর্মকর্তারও খোঁজ পাওয়া যায়নি।

দুর্যোগের পর নেপালের বিভিন্ন হাসপাতালে নিখোঁজ স্বজনদের সন্ধানে মানুষের ভিড় বাড়ছে। দূর-দূরান্ত থেকে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসছেন। বিপুলসংখ্যক হতাহত ও নিখোঁজের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানী কাঠমান্ডু প্রশাসন।

-স্বাধীন/এমএ

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, এখনও নিখোঁজ ৪ হাজারের বেশি
লোগো
Aug 31, 2026

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, এখনও নিখোঁজ ৪ হাজারের বেশি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta