নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ দিন পর জীবিত উদ্ধার ৬ বছরের শিশু 

প্রকাশঃ Aug 30, 2026 - 17:07
নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ দিন পর জীবিত উদ্ধার ৬ বছরের শিশু 

নেপালের রসুয়া জেলায় ভয়াবহ বন্যার তিন দিন পর কাদা ও ধ্বংসাবশেষের নিচ থেকে ছয় বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। শুক্রবার সন্ধ্যার দিকে রসুয়া জেলার তিমুরে গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

বন্যার পর নিখোঁজদের উদ্ধারে দেশটির দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা যখন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তখন ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত উদ্ধারের ঘটনা নতুন করে আশার সঞ্চার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কোশী নদীর পানি উপচে পড়ায় সৃষ্ট বন্যায় রসুয়া জেলার তিমুরে গ্রাম প্লাবিত হয়। সেখানে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে শিশুটির কান্নার শব্দ শুনতে পান উদ্ধারকারীরা।

উদ্ধারকাজ চালানোর সময় আর্মড পুলিশ ফোর্সের (এপিএফ) সদস্যরা মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ পান। এরপর দ্রুত সেখানে মাটি খোঁড়ার কাজ শুরু করেন তারা। দীর্ঘ প্রচেষ্টার পর ধ্বংসাবশেষের নিচ থেকে শিশুটিকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা।

প্রাথমিকভাবে তিমুরেতে অবস্থিত এপিএফের সীমান্ত চৌকিতে শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে শিশুটিকে রাজধানী কাঠমান্ডুতে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্বিত হয়। পরে শনিবার দুপুরের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে শিশুটি কাঠমান্ডুর একটি বিশেষায়িত হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

শিশুটিকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে অনেকেই নেপালের দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘আর্মড পুলিশ ফোর্স টিমকে সম্মান, যারা কখনোই খোঁজাখুঁজি থামায়নি।’’

আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘‘যখন সব আশা হারিয়ে গিয়েছিল, তখন তাকে খুঁজে পাওয়া গেল।’’

শিশুটির পরিবারের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে খবরটি শেয়ার করার আহ্বানও জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘কর্তৃপক্ষ এখন তার পরিবার বা আত্মীয়দের খুঁজছে। যদি কেউ মণীষা মগরকে চিনে থাকেন কিংবা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য থাকে, তাহলে অনুগ্রহ করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।’’

এদিকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল শনিবার জানিয়েছেন, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্নির্মাণে শত কোটি ডলারের বেশি ব্যয় হতে পারে।

কাঠমান্ডুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘পুনর্নির্মাণ এবং পুনর্বাসনের জন্য শত কোটি ডলারের প্রয়োজন হতে পারে। আমরা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছি। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সহায়তার জন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করছি।’’

নেপালের বিভিন্ন উদ্ধারকারী দলের সদস্যরা আকস্মিক এই বন্যার পর এখন পর্যন্ত ৭৩৪ জনের মরদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া দেশটিতে এখনো ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

সূত্র: এনডিটিভি

-স্বাধীন/এমএ

নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ দিন পর জীবিত উদ্ধার ৬ বছরের শিশু 
লোগো
Aug 30, 2026

নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ দিন পর জীবিত উদ্ধার ৬ বছরের শিশু 

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta