বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা

প্রকাশঃ Aug 12, 2026 - 15:40
বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। এতে বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ পর্যায়ে রেখেছে দেশটি।

গত সোমবার (১০ আগস্ট) কানাডা সরকারের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্যে এ বিষয়টি জানানো হয়।

কানাডা সরকারের নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও জনঅস্থিরতা তৈরি হতে পারে। এর ফলে হঠাৎ করে যান চলাচল ব্যাহত হওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং সহিংসতার মতো ঘটনা ঘটতে পারে।

এ কারণে বাংলাদেশে অবস্থানরত বা সফররত কানাডীয় নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে আরও কঠোর সতর্কতা জারি করেছে কানাডা। ওই এলাকায় ‘সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার’ পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় পার্বত্য অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে দুই দফায় বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছিল কানাডা সরকার। সর্বশেষ হালনাগাদের মাধ্যমে সেই সতর্কতা বহাল রাখা হয়েছে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা
লোগো
Aug 12, 2026

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta