জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরাইল
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় নজিরবিহীন বয়কটের ঘটনা ঘটেছে। তিনি বক্তব্য দিতে মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিকরা একযোগে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের সমর্থনে এই গণবর্জনের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে কোন কোন দেশ ও প্রতিনিধি এই বয়কটে অংশ নিয়েছিলেন এবং ভাষণের সময় কার কার আসন ফাঁকা ছিল, তা চিহ্নিত করে তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে ইসরাইলি প্রশাসন।
নিউইয়র্কে বিশ্ব নেতাদের উপস্থিতিতে নেতানিয়াহু ভাষণ শুরু করার পর অধিবেশন কক্ষের বড় একটি অংশের আসন ফাঁকা দেখা যায়। তবে কক্ষে থাকা ইসরাইলের সমর্থকদের করতালি ও উল্লাসের মধ্যেই বক্তব্য চালিয়ে যান তিনি।
অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাওয়া প্রতিনিধিদের প্রতি ক্ষোভ প্রকাশ করে নেতানিয়াহু তাদের ‘ভুয়া মানবাধিকার কর্মী’ ও ‘নৈতিক কাপুরুষ’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে যারা সত্য শোনার সাহস বা মানসিকতা রাখেন না, তাদের অধিবেশন কক্ষ ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান তিনি।
ইসরাইলি সূত্রের তথ্য ও অধিবেশনের আলোকচিত্র অনুযায়ী, বাংলাদেশ, সৌদি আরব, ইরান, আলজেরিয়া, সুদান, তিউনিসিয়া, উজবেকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মন্টিনিগ্রো, কিরগিজস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাসহ ৭৭টিরও বেশি দেশের প্রতিনিধি দল হয় অধিবেশন কক্ষ ত্যাগ করে, নয়তো ভাষণের সময় সেখানে উপস্থিত ছিল না।
প্রতিবাদে কোনো কোনো দেশ পুরো প্রতিনিধি দল নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। আবার কিছু দেশ মূল প্রতিনিধি দল সরিয়ে নিয়ে কেবল একজন প্রতিনিধিকে সেখানে রেখে যায়।
ভাষণের এক পর্যায়ে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বিরুদ্ধেও কথা বলেন নেতানিয়াহু। গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরোধিতাকারী মামদানি নেতানিয়াহুর ভাষণের আগে মেয়রের বাসভবনে ফিলিস্তিনের শান্তির প্রতীক হিসেবে একটি জলপাই গাছ রোপণ করেন। পরে একটি ফিলিস্তিনি পরিবারের সঙ্গে নৈশভোজের ভিডিওও প্রকাশ করেন তিনি।
এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু দাবি করেন, তাকে থামানো বা তার বক্তব্য বন্ধ করার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি ভাষণে দাবি করেন, ইসরাইল গাজায় কোনো গণহত্যা চালায়নি; বরং নিজেদের প্রতিরক্ষায় পদক্ষেপ নিয়েছে।
-স্বাধীন/এমএ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরাইল

