আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের একাধিক ড্রোন হামলা
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টার লক্ষ্য করে একযোগে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরানি সেনাবাহিনী। সোমবার (৩১ আগস্ট) ভোররাতে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়।
ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ঐতিহাসিক লারাক দ্বীপে সম্প্রতি মার্কিন বাহিনীর হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য এবং সাধারণ ইরানি নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে আল মিনহাদ ঘাঁটিকে বিদেশি বাহিনীর গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বিমান পরিবহন কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। মার্কিন অবস্থানগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্যেই ড্রোন হামলা চালানো হয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরানি বাহিনী তাদের দৃঢ় অবস্থান অব্যাহত রাখবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের প্রেক্ষাপটে নিহত প্রতিটি ব্যক্তির রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে ইরানের সশস্ত্র বাহিনী।
সূত্র: মেহের নিউজ
-স্বাধীন/এমএ
আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের একাধিক ড্রোন হামলা

