মক্কায় ড্রোন হামলার অভিযোগ ‘ঘৃণ্য মিথ্যা’, দাবি হুতিদের

প্রকাশঃ Sep 16, 2026 - 17:14
মক্কায় ড্রোন হামলার অভিযোগ ‘ঘৃণ্য মিথ্যা’, দাবি হুতিদের

মক্কা নগরীকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘ঘৃণ্য মিথ্যা’ বলে দাবি করেছে গোষ্ঠীটি।

বুধবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়, হুতিরা মক্কা লক্ষ্য করে একটি ড্রোন নিক্ষেপ করেছিল। তবে মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ভূপাতিত করে।

জোটের দাবি, মক্কাকে লক্ষ্য করে এটি হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পবিত্র নগরীটিতে হামলার চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করে সৌদি পক্ষ।

তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন হুতি পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ। তিনি বলেন, মক্কায় হামলার দাবি ‘ঘৃণ্য মিথ্যা’ ছাড়া আর কিছু নয়। অতীতেও এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আল-আসাদ আরও বলেন, এ ধরনের ‘বানোয়াট গল্প’ প্রচার করে এখন আর কাউকে বিভ্রান্ত করা সম্ভব নয়।

সৌদি আরব ও হুতিদের মধ্যে দীর্ঘদিনের সংঘাতের পেছনে রয়েছে ইয়েমেনের গৃহযুদ্ধ। ২০১৫ সালে ইরান-সমর্থিত হুতিরা রাজধানী সানা দখল করার পর তৎকালীন প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেন। এরপর তাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে।

পরবর্তীতে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সাম্প্রতিক সময়ে ইয়েমেনে হামলা-পাল্টা হামলা ঘিরে সৌদি আরব ও হুতিদের মধ্যে আবারও সামরিক উত্তেজনা বেড়েছে।

-স্বাধীন/এমএ

মক্কায় ড্রোন হামলার অভিযোগ ‘ঘৃণ্য মিথ্যা’, দাবি হুতিদের
লোগো
Sep 16, 2026

মক্কায় ড্রোন হামলার অভিযোগ ‘ঘৃণ্য মিথ্যা’, দাবি হুতিদের

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta