অবরোধ উঠলে ৭ দিনে হরমুজ প্রণালি খুলবে ইরান
যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিলে এবং সামরিক চাপ কমালে মাত্র সাত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সবার জন্য খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স ও জাপানের কিয়োডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
জাপানের সংবাদমাধ্যম কিয়োডো নিউজ প্রথম এ প্রস্তাবের খবর প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং সামরিক উত্তেজনা কমাতে ইরান এ উদ্যোগ নিয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। এর মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বৈরিতার অবসানের পথ তৈরি হতে পারে বলে আশা করছে তেহরান।
অন্যদিকে রয়টার্সকে ওই কর্মকর্তা জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন যুক্তরাষ্ট্রের জন্য সমঝোতার পথে ফেরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যুক্তরাষ্ট্র যদি আন্তরিকভাবে ইতিবাচক কোনো পদক্ষেপ নেয়, তাহলে ইরানও আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।
তবে রয়টার্স ও কিয়োডো নিউজের সঙ্গে কথা বলা দুই প্রতিবেদনে উল্লিখিত কর্মকর্তা একই ব্যক্তি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
-স্বাধীন/এস
অবরোধ উঠলে ৭ দিনে হরমুজ প্রণালি খুলবে ইরান

